বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক

সোমবার,

২৩ ফেব্রুয়ারি ২০২৬,

১১ ফাল্গুন ১৪৩২

সোমবার,

২৩ ফেব্রুয়ারি ২০২৬,

১১ ফাল্গুন ১৪৩২

Radio Today News

বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৫:২০, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

Google News
বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এবারের মেলায় থাকছে না কোনো প্যাভিলিয়ন। পাশাপাশি প্রকাশকদের জন্য মেলার স্টল-ফি সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। সোমবার থেকে শুরু হচ্ছে স্টল নির্মাণের কাজ।

রোববার সন্ধ্যা ৭টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

প্রকাশক প্রতিনিধি ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন- সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, এবারের বইমেলায় কোনো প্যাভিলিয়ন থাকবে না। বাপুস নেতৃবৃন্দের আন্তরিক সহায়তায় ইতোমধ্যে প্যাভিলিয়নপ্রাপ্ত প্রকাশকগণ নিজ নিজ প্যাভিলিয়ন সরিয়ে নিতে সম্মত হয়েছেন। এই সিদ্ধান্তের পর রোববার রাত ১০টায় স্টল বিন্যাসের লটারি অনুষ্ঠিত হয়। গত ১৯ ফেব্রুয়ারি স্টলের জন্য আবেদনকারী প্রকাশকদের মধ্যে এই লটারি সম্পন্ন হয়।

লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ২৩ ফেব্রুয়ারি থেকে প্রকাশকরা আনুষ্ঠানিকভাবে স্টল নির্মাণের কাজ শুরু করবেন। 

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের জানান, ২৬ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন। প্রধানমন্ত্রী ওই দিন সকালে একুশে পদক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এরপর বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন।

মন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, অনুষ্ঠানটি দেশের সংস্কৃতি ও সৃষ্টিশীলতা প্রচারে নতুন প্রাণ যোগ করবে।

গত বছর অন্তর্বর্তীকালীন সরকার ২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে। দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই বছর ৯ ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।

এবারের একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন—চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এছাড়া সংগীত দল হিসেবে ব্যান্ড ওয়ারফেজকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের