পুরনো সহকর্মীদের নাম ধরে ডাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার,

২১ ফেব্রুয়ারি ২০২৬,

৯ ফাল্গুন ১৪৩২

শনিবার,

২১ ফেব্রুয়ারি ২০২৬,

৯ ফাল্গুন ১৪৩২

Radio Today News

পুরনো সহকর্মীদের নাম ধরে ডাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৭, ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৫৯, ২১ ফেব্রুয়ারি ২০২৬

Google News
পুরনো সহকর্মীদের নাম ধরে ডাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দীর্ঘ ১৯ বছর পর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে সেখানে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে কার্যালয়ে পৌঁছানোর পর তিনি শুধু দাপ্তরিক কাজেই সীমাবদ্ধ থাকেননি, বরং দীর্ঘ সময় পর পুরনো পরিচিত মুখগুলোকে দেখে কাছে ডেকে ব্যক্তিগতভাবে কুশল বিনিময় করেন।

স্মৃতিচারণ ও আন্তরিকতা: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রবেশের সময় কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে স্বাগত জানাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। এই ভিড়ের মাঝেও ১৯ বছর আগেকার পরিচিত মুখগুলোকে চিনতে ভুল করেননি প্রধানমন্ত্রী।

তিনি দূর থেকেই একজন কর্মচারীকে নাম ধরে ডাক দেন। নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ওই কর্মচারী প্রধানমন্ত্রীর কাছে ছুটে এলে তিনি তাঁর সঙ্গে করমর্দন করেন এবং পরিবারের খোঁজ-খবর নেন।

উল্লেখ্য, ২০০১ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন এই কার্যালয়ে কাজ করতেন এমন অনেক কর্মচারীকে প্রধানমন্ত্রী তারেক রহমান আজও মনে রেখেছেন।

সময়ের পরিক্রমায় অনেকের চুলে পাক ধরলেও প্রধানমন্ত্রী তাদের নাম ধরে ডেকে যে মহানুভবতা দেখিয়েছেন, তাতে উপস্থিত অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।

দিনের কর্মসূচি ও দাপ্তরিক কাজ: শনিবার সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে পৌঁছালে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। কার্যালয়ে প্রবেশ করেই প্রধানমন্ত্রী প্রথমে বাগানে বৃক্ষরোপণ করেন।

এরপর তিনি কার্যালয়ের ‘রেড ব্লকে’ নিজের দপ্তরে আসন গ্রহণ করেন। দাপ্তরিক কাজের শুরুতেই তিনি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। এরপর তিনি পূর্বনির্ধারিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দুই দিন সচিবালয়ে অফিস করলেও শনিবারই ছিল তেজগাঁও কার্যালয়ে তাঁর প্রথম কার্যদিবস। দীর্ঘ বিরতির পর পুরনো কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত মমত্ববোধ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের