জ্বালানি তেলের রেশনিং বা সীমা নির্ধারণের সিদ্ধান্ত বাতিল করেছে সরকার। এখন থেকে পাম্পগুলোকে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত তেল সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১৫ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই সিদ্ধান্তের কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত জোগান রয়েছে। তাই সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে রেশনিং পদ্ধতি তুলে নেওয়া হয়েছে।
তবে এই সুযোগে কেউ যদি তেল মজুত করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকটের আশঙ্কায় গত ৬ মার্চ থেকে তেল বিক্রিতে রেশনিং শুরু করেছিল সরকার। এর ফলে সারা দেশের পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং তেল নিতে গিয়ে প্রাণহানির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে। পরিস্থিতি বিবেচনায় সরকার এখন স্বাভাবিক সরবরাহে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলো।
সংবাদ সম্মেলনে অনিন্দ্য ইসলাম অমিত আরও জানান, আসন্ন বোরো মৌসুম পর্যন্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এরই মধ্যে রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ থেকে তেল আমদানির প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।
ভোক্তা পর্যায়ে স্বস্তির খবর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এই মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে পাম্পগুলো চাহিদামতো তেল পেয়ে গ্রাহকদের সেবা নিশ্চিত করতে পারে।
রেডিওটুডে নিউজ/আনাম

