ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতি আরও জোরদার করতে জাতীয় টাস্কফোর্স গঠন, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ, জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রমকে আরও কার্যকর করতে জাতীয় টাস্কফোর্স গঠনের বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে ঢাকা ও আশপাশের এলাকার জন্য এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার পরিকল্পনা, তাদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান এবং প্রয়োজনীয় উদ্ধার ও সেবাসামগ্রী সরবরাহের বিষয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয়।
সভায় জানানো হয়, ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের একটি ডাটাবেজ প্রস্তুত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বাকি ৩০ হাজার স্বেচ্ছাসেবককেও অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ এক লাখ সদস্যের স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হবে।
বৈঠকে ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়েও মতবিনিময় হয়। পাশাপাশি সার্বিক প্রস্তুতি তদারকি ও সমন্বয়ের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া সম্ভাব্য দুর্যোগকালীন সময়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা হয়। দুর্যোগ-পরবর্তী ত্রাণ, উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে ঢাকা শহরে Humanitarian Staging Area (HSA) স্থাপনের বিষয়েও সভায় আলোচনা করা হয়।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম. এ. মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেডিওটুডে নিউজ/আনাম

