ককরোচ জনতা পার্টির মিছিলে লাঠি চালানোর ঘটনায় দিল্লি পুলিশকে কঠোর ভাষায় সমালোচনা করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহানার বেঞ্চ জানিয়েছে যে, সংবিধান ভারতের নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার দেয়।
প্রধান বিচারপতি সূর্য কান্ত মৌখিকভাবে উল্লেখ করেন, "মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন বলেই ঘটনাক্রম বিবেচনা না করে তাদের উপর অতিরিক্ত বল প্রয়োগ করা যায় না।"
তিনি আরও বলেন, "শুধু দিল্লির বিষয় নয়, সারা দেশেই প্রটোকল অনুসরণ হওয়া প্রয়োজন, মানুষজন বিক্ষোভ দেখাচ্ছেন বলেই লাঠিচার্জ করার যুক্তি নেই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় শৃঙ্খলা গুরুত্বপূর্ণ।"
সিজেপির মিছিলে ২০শে জুলাই পুলিশের লাঠিচার্জের ঘটনায় সুপ্রিম কোর্টে প্রথম শুনানি হচ্ছে আজ। এর আগে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত ভিডিও-প্রমাণ নিয়ে এক আইনজীবী আপিল করলেও মামলা শুনতে রাজি হননি প্রধান বিচারপতি।
তিনি বলেছিলেন, "ভিডিও দেখিয়ে কোর্টের ও আপনার সময় নষ্ট করবেন না।" তবে পরে প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট করেন যে, তিনি আসলে বলতে চেয়েছিলেন আদালতের প্রক্রিয়ার মাধ্যমে আপিল করতে। হঠাৎ করে একটি 'আর্জেন্ট হিয়ারিং' এর আবেদনে রাজি হননি তিনি।
রেডিওটুডে নিউজ/আনাম

