দক্ষিণ চীন সাগরের নানশা দ্বীপপুঞ্জের ইয়ংশু রিফের কাছে ৬২ আরোহী নিয়ে তলিয়ে গেছে একটি ভিয়েতনামি জাহাজ। এ ঘটনায় রোববার সকাল পর্যন্ত ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে চীনের সানশা সিটি কর্তৃপক্ষ।
উদ্ধার হওয়া সবাই ডুবে যাওয়া ‘খোই নুয়েন ১৮’ জাহাজের ভিয়েতনামি নাগরিক। নিখোঁজদের সন্ধানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত আছে।
কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ২৩ মিনিটের দিকে চীনের পরিবহন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত উদ্ধারকারী জাহাজ ‘নানহাই জিউ ১১৫’ সমুদ্রে বিপদগ্রস্ত জাহাজটির রকেট প্যারাশুট থেকে পাঠানো সংকেত দেখতে পায় বলে ধারণা করা হচ্ছে।
এরপর ঘটনাস্থলে ছয়টি চীনা জাহাজ, একটি উদ্ধারকারী হেলিকপ্টার এবং একটি ভিয়েতনামি জাহাজ যৌথভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। সানশা সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার কর্তৃপক্ষ জানায়, ‘খোই নুয়েন ১৮’ ভিয়েতনামে নিবন্ধিত একটি জাহাজ।
রেডিওটুডে নিউজ/আনাম

