যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের যশোর শহরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকদের মারধরের অভিযোগকে কেন্দ্র করে আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, যশোর শহরের নীলগঞ্জ এলাকায় এমপি গোলাম রসুলের বাসভবনের সামনে অবস্থিত আল মাদ্রাসাতুশ শারইয়াহ ও মসজিদের শিক্ষার্থীদের চলাচল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাদের দাবি, এমপির মেয়ে অনন্যা প্রায়ই শিক্ষার্থীদের বকাঝকা করতেন। সোমবার কয়েকজন শিক্ষার্থীকে ভয়ভীতি দেখানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়।
অভিযোগ রয়েছে, মঙ্গলবার সকালে এমপি গোলাম রসুল ও তার মেয়ে অনন্যা মাদ্রাসায় গিয়ে শিক্ষক-অভিভাবকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রেক্সনা নামে এক নারীর মাথায় আঘাত করা হয় এবং নাসির উদ্দিন নামে এক অভিভাবকের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তার সাইকেলও ফেলে দেয়া হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।
এ ঘটনার জেরে বিক্ষুব্ধ এলাকাবাসী এমপির বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এমপি ও তার পরিবারের সদস্যরা বাসার গেট বন্ধ করে ভেতরে অবস্থান নেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সংশ্লিষ্ট মাদ্রাসা বন্ধ করে দেয়ার হুমকিও দেয়া হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য গোলাম রসুল জানান, তার মেয়ে মানসিকভাবে অসুস্থ। বিষয়টি স্থানীয়রা জানেন। মাদ্রাসার লোকজন তার মেয়ের সঙ্গে খারাপ আচরণ করেছে। তিনি এ বিরোধের শান্তিপূর্ণ সমাধান চান।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
রেডিওটুডে নিউজ/আনাম

