ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম পরীমণি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। এতে অবশ্য বিভিন্ন সুবিধাও রয়েছে। নিজের চলমান প্রজেক্ট, মুক্তির অপেক্ষায় থাকা কাজ এবং সার্বিকভাবে ভক্তদের সঙ্গে যুক্ত থাকা যায়। পাশাপাশি ব্যক্তিজীবন ও বিভিন্ন সমসাময়িক ইস্যুতে কথা বলেও ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মতামত পাওয়া যায়।
এবার সোশ্যাল মিডিয়া ফেসবুকে সেই অনুসারীর সংখ্যায় এগিয়ে গিয়ে বাংলাদেশের তারকাদের মধ্যে রেকর্ড গড়লেন পরীমণি। দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়িয়ে দেশের সর্বাধিক ফেসবুক অনুসারীর অধিকারী এখন এ অভিনেত্রী।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সাকিব আল হাসান ও পরীমণির ভেরিফায়েড ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, অভিনেত্রীর অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি। বিপরীতে ক্রিকেটারের অনুসারী ১ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে। অর্থাৎ―প্রায় ১০ লাখ অনুসারীর ব্যবধানে এগিয়ে রয়েছেন পরীমণি।
এর আগে গত বছরও এই দুই তারকার অনুসারীর সংখ্যা প্রায় সমান ছিল। পরে হঠাৎ করেই ক্রিকেটারের অনুসারী কিছুটা বেড়ে যায়। কিন্তু সবশেষ পরিসংখ্যানে ১০ লাখ অনুসারীর ব্যবধানে শীর্ষস্থানে জায়গা করে নিলেন পরীমণি।
তবে এই দুই তারকার সোশ্যাল মিডিয়া ব্যবহারে স্পষ্টতই পার্থক্য রয়েছে। সাকিব আল হাসানের পেজ থেকে মাত্র ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুসরণ করা হয়। তারা হচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবল তারকা লিওনেল মেসি, বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন। আরও রয়েছে হাসান ফাউন্ডেশন এবং ফরচুন বরিশালের অফিশিয়াল পেজ।
বিপরীতে পরীমণির ফেসবুক পেজ থেকে ১৬১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুসরণ করা হয়। এ তালিকায় রয়েছেন লিওনেল মেসি ছাড়াও ঢালিউড তারকা শাকিব খান, অভিনেত্রী শাবনূর এবং বলিউডের হৃতিক রোশান, বিদ্যা বালান, ক্যাটরিনা কাইফ ও শ্রদ্ধা কাপুর। আরও আছেন হলিউড অভিনেতা মরগান ফ্রিম্যান ও পপ তারকা টেইলর সুইফটসহ বহু তারকা।
রেডিওটুডে নিউজ/আনাম

