আগস্ট মাসজুড়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মিলছে বড় ধরনের ছুটির সুযোগ। সাপ্তাহিক ছুটির পাশাপাশি জাতীয় ও ধর্মীয় বিভিন্ন দিবসের সরকারি অবকাশ মিলিয়ে আগস্টে মোট ১২ দিন বন্ধ থাকবে স্কুল, কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে এ মাসে শ্রেণি কার্যক্রম চলবে মাত্র ১৯ দিন।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, আগস্ট ও সেপ্টেম্বর—এই দুই মাসে মোট ২৩ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর মধ্যে ১৭ দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি এবং ৬ দিন বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবস উপলক্ষে সরকারি ছুটি। ফলে দুই মাসে পাঠদান চলবে মোট ৩৮ দিন।
এর আগে চলতি মাসের ৩০ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকবে। পরদিন একদিন শ্রেণি কার্যক্রম শেষে শুরু হবে আগস্টের প্রথম সাপ্তাহিক ছুটি।
আগস্টে মোট ১২ দিনের ছুটির মধ্যে ৯ দিন থাকবে সাপ্তাহিক ছুটি। এছাড়া তিনটি সরকারি ছুটি রয়েছে—জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। সব মিলিয়ে এ মাসে শ্রেণি কার্যক্রম চলবে মাত্র ১৯ দিন।
সেপ্টেম্বর মাসেও একই ধরনের চিত্র দেখা যাবে। সাপ্তাহিক ছুটির পাশাপাশি বিভিন্ন দিবস উপলক্ষে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে ওই মাসেও ক্লাস হবে ১৯ দিন।
শিক্ষাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্ধারিত এ ২৩ দিনের নিয়মিত ছুটির বাইরে প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া বা বিশেষ পরিস্থিতিতে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিরিক্ত বা ঐচ্ছিক ছুটি ঘোষণা করতে পারে।
রেডিওটুডে নিউজ/আনাম

