৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার এই ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত ফলে মোট ৬ হাজার ১৬৫ জন উত্তীর্ণ হয়েছেন।
পরীক্ষার বিস্তারিত ফলাফল পিএসসির অফিশিয়াল ওয়েবসাইট ও টেলিটক মোবাইলের এসএমএসের মাধ্যমে জানতে পারবেন পরীক্ষার্থীরা।
পিএসসির পূর্বঘোষিত পরীক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, ৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারিত ছিল ৩০ জুলাই। তবে নির্ধারিত সময়ের সাত দিন আগেই এই ফলাফল প্রকাশ করল দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
কমিশনের পূর্বপরিকল্পনা অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা (ভাইভা) শুরু হওয়ার কথা ছিল ১০ আগস্ট থেকে। এখন ১১ আগস্ট থেকে শুরু হবে মৌখিক পরীক্ষা।
এর আগে, গত ১০ ফেব্রুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৩৮৫ জন।
গত বছরের ২৬ নভেম্বরে এক হাজার ৭৫৫টি ক্যাডার ও ৩৮৫টি নন-ক্যাডার পদে নিয়োগ দিতে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী। গত ৩০ জানুয়ারি ঢাকা ও অন্য ৭টি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রেডিওটুডে নিউজ/আনাম

