দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে আজ

সোমবার,

২৭ জুলাই ২০২৬,

১২ শ্রাবণ ১৪৩৩

সোমবার,

২৭ জুলাই ২০২৬,

১২ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে আজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:১৩, ২৭ জুলাই ২০২৬

Google News
দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে আজ

বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আজ। বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সাংবাদিকদের এ কথা জানান।

ফলে প্রায় তিন সপ্তাহ পর এ বোর্ডের পরীক্ষার্থীরা পরীক্ষার হলে ফিরছে। একইসঙ্গে দেশের অন্য নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বোর্ডের রুটিন অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেলে হবে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় অনুষ্ঠিত হবে ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) এবং তাজভিদ দ্বিতীয় পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ) পরীক্ষা। পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষায় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-১ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক বন্যাপরবর্তী পরিস্থিতির কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অধীন চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল। চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছিল, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং ক্ষতিগ্রস্ত সড়কপথের কারণে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের চরম দুর্ভোগ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে না। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরে জানানোর কথাও বলেছিল শিক্ষা বোর্ড।

চট্টগ্রাম বাদে বাকি জেলাগুলো হলো রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের