ঢাকার মিরপুর-১৩ এলাকায় যুবদল কর্মী ইউসুফ আলি পারভেজ (৪৫) হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে মাগুরার শালিখা উপজেলা থেকে জিয়াউর রহমান রাজু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শালিখা উপজেলার শতখালি গ্রামের আনোয়ার পাটোয়ারির ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুর বাসার পাশের একটি চায়ের দোকানে আড্ডা দেয়ার সময় সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই নিহত হন ইউসুফ আলি পারভেজ। হামলায় চারজন অংশ নেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদের মধ্যে চঞ্চল নামে একজনকে স্থানীয়রা ধাওয়া করে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
এ ঘটনায় নিহতের বড় ভাই মাসুদ রানা বাদী হয়ে শনিবার (২৫ জুলাই) সকালে কাফরুল থানায় হত্যা মামলা দায়ের করেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, তার ভাই হামলার মূল লক্ষ্য ছিলেন না। হাফিজুল ইসলাম বাবুর সঙ্গে চলাফেরা করায় তিনি হামলার শিকার হন।
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিএনপি ও এর অঙ্গসংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, আটক চঞ্চলের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, হামলায় অংশ নিতে মাগুরা-ঝিনাইদহ অঞ্চল থেকে চারজনকে ভাড়া করা হয়েছিল। সেই তথ্যের সূত্র ধরে শনিবার রাতে শালিখার শতখালি গ্রাম থেকে জিয়াউর রহমান রাজুকে আটক করা হয়। শালিখা থানা পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রের দাবি, রাজু এলাকায় অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত। এর আগে ২০১৪ সালে শালিখার শতখালি এলাকায় নসিমনচালক আব্বাস হত্যা মামলায় অভিযুক্ত হয়ে তিনি দীর্ঘদিন কারাভোগ করেন।
এদিকে রাজুকে আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন ছবি ছড়িয়ে পড়ে। ছবিগুলোতে তাকে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, শালিখা উপজেলা বিএনপির নেতা মনিরুজ্জামান চকলেট, ইঞ্জিনিয়ার মিজান পাটোয়ারি এবং শালিখা উপজেলা কৃষক দলের সভাপতি ইলিয়াস হোসেনের সঙ্গে দেখা যায়। এছাড়া একটি ছবিতে তাকে একটি বাগানে আগ্নেয়াস্ত্র হাতে দেখা গেছে। তবে এসব ছবির প্রেক্ষাপট ও সময় সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান চকলেট বলেন, ২০১৪ সালের সরকারবিরোধী আন্দোলনের সময় কারাগারে রাজুর সঙ্গে তার পরিচয় হয়। তিনি দাবি করেন, রাজু বিএনপির কোনো পর্যায়ের কমিটির সদস্য নন এবং তার সঙ্গে ব্যক্তিগত বা রাজনৈতিক কোনো সম্পর্কও নেই। সম্প্রতি একটি ক্লাবঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তোলা একটি ছবিকে কেন্দ্র করে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান শতখালি গ্রাম থেকে জিয়াউর রহমান রাজুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কাফরুল থানার মামলায় তাকে গ্রেপ্তার করলেও মামলার তদন্ত ও অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য তার জানা নেই।
রেডিওটুডে নিউজ/আনাম

