ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় প্রাণঘাতী ইবোলা ভাইরাস দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। এরই মধ্যে আক্রান্ত ছাড়াল ৩ হাজার। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৩৫৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫৬ জন। আর, বর্তমানে ৭৫৫ জন রোগী হাসপাতালে অথবা আইসোলেশনে চিকিৎসাধীন।
এ ভাইরাসের বিস্তার দেশটির ইতুরি, উত্তর কিভু, দক্ষিণ কিভু, হউত-উয়েলে এবং শোপো—এই পাঁচটি প্রদেশে ছড়িয়েছে। বর্তমান প্রাদুর্ভাবটির জন্য ‘বুন্দিবুগিও’ নামের ইবোলা স্ট্রেন দায়ী।
সংকট মোকাবিলায় কঙ্গোর প্রধানমন্ত্রী জুডিথ সুমিনওয়া তুলুকা জানান, গবেষকরা প্রতিষেধক টিকা ও ওষুধ উদ্ভাবনে কাজ করছেন এবং আশা করা হচ্ছে দুই থেকে চার মাসের মধ্যে এগুলো সহজলভ্য হবে। বর্তমানে বুন্দিবুগিও ইবোলা ভাইরাসের জন্য অনুমোদিত কোন সুনির্দিষ্ট টিকা বা চিকিৎসা নেই। তবে, সম্প্রতি মানুষের শরীরে একটি পরীক্ষামূলক ভ্যাকসিনের প্রথম প্রয়োগ সফলভাবে সম্পন্নের দাবি করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
রেডিওটুডে নিউজ/আনাম

