গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাছের আড়তে অভিযান চালিয়ে ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আড়ত মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ্।
রবিবার সন্ধ্যায় উপজেলা সদরের কিচেন মার্কেটের মোল্লা মৎস্য আড়তে এ অভিযান চালানো হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহাজাহান সিরাজ ও কোটালীপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ্ জানান, রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মোল্লা মৎস্য আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রয়ের জন্য মজুদ করা হয়েছে। পরে মৎস্য কর্মকর্তাকে নিয়ে সেখানে অভিযান পরিচালনা করি। এ সময় ১৭০ কেজি পিরানহা মাছ জব্দ করে মাটি খুঁড়ে মাছগুলো চাপা দেওয়া হয়। পরে আড়ত মালিক ইকবাল হোসেনকে ৬০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহাজাহান সিরাজ বলেন, পিরানহা রাক্ষুসে প্রজাতির মাছ। এ জাতের মাছ প্রচলিত জাতের মাছের ক্ষতি করে। পিরানহা উৎপাদন, চাষাবাদ, পরিবহন, মজুদ, বিপনন নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ প্রজাতির মাছ প্রতিরোধে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রেডিওটুডে নিউজ/আনাম

