স্পেন ও ফ্রান্সে দাবানল এখনও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে চলেছে। এ পর্যন্ত তিন লাখেরও বেশি মানুষকে নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে। ফ্রান্সে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিকের পরিবর্তে আরও খারাপ হতে পারে। কারণ সপ্তাহজুড়েই দেশটির বেশিরভাগ অঞ্চলে উচ্চচাপ বলয় প্রভাব বিস্তার করবে।
ফলে আবহাওয়া শুষ্ক ও স্থিতিশীল থাকার সম্ভাবনা বেশি। সেইসাথে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টি বা বজ্রঝড় হতে পারে। মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং বুধবার কোথাও কোথাও তা ৪০ ডিগ্রি সেলসিয়াসও ছুঁতে পারে।
এদিকে, স্পেনের আবহাওয়া অফিস ব্যাপক তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে এবং বলেছে, দেশটির দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চল, পাশাপাশি ক্যানারি দ্বীপপুঞ্জে অন্তত রোববার পর্যন্ত পরিস্থিতি একইরকম চলতে পারে।
সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী বুধবারের মধ্যে তাপমাত্রা ৩৯ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে এবং সপ্তাহের শেষ দিকে তা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া, গুয়াদালকিভির, গুয়াদিয়ানা ও এব্রো উপত্যকাজুড়ে টানা কয়েক দিন তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।
আর, স্পেনে এ সপ্তাহের সবচেয়ে উষ্ণ দিন হতে পারে শুক্রবার। ওইদিন কর্ডোভায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। সেইসাথে, দেশটির তোলেদো, জারাগোজা ও সিউদাদ রিয়ালে হতে পারে প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস।
রেডিওটুডে নিউজ/আনাম

