২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তি যেতে পারবেন না

মঙ্গলবার,

২৮ জুলাই ২০২৬,

১৩ শ্রাবণ ১৪৩৩

মঙ্গলবার,

২৮ জুলাই ২০২৬,

১৩ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তি যেতে পারবেন না

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫২, ২৭ জুলাই ২০২৬

Google News
২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তি যেতে পারবেন না

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। তবে নির্ধারিত কয়েকটি শারীরিক ও স্বাস্থ্যগত শর্ত পূরণ না করলে এবার হজে অংশ নেওয়া যাবে না।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী এবার নিবন্ধন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধনের জন্য সাড়ে তিন লাখ টাকা জমা দিতে হবে। তবে এর আগে বাধ্যতামূলকভাবে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রাথমিক নিবন্ধনকারীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সরকারি ব্যবস্থাপনায় ই-হজ সিস্টেম ছাড়াও ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকে নিবন্ধন করা যাবে। সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের অর্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নিচের ব্যক্তিরা ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না—

১. ১৫ বছরের কম বয়সী শিশু।
২. হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনির দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি।
৩. স্নায়ুবিক বা গুরুতর মানসিক রোগে আক্রান্ত ব্যক্তি।
৪. ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি।
৫. কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি গ্রহণরত ক্যান্সার রোগী।
৬. জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি, যেমন যক্ষ্মা ও হেমোরেজিক ফিভারে আক্রান্ত রোগী।
৭. গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা নারী এবং ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীরা, কারণ তারা হজের জন্য প্রয়োজনীয় ফিটনেস সনদ পাবেন না।

এ ছাড়া প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরণ এবং হজ প্যাকেজ নির্বাচন করতে হবে। নিবন্ধনের জন্য ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ রয়েছে—এমন বৈধ পাসপোর্ট থাকতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের