পবিত্র কাবায় হজ ও ওমরাহ পালনকারীদের জন্য অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর নতুন ডিজিটাল সেবা চালু করেছে সৌদি আরব। এই উদ্যোগের ফলে তাওয়াফ ও সায়ীর সময় ভিড় সম্পর্কে আগাম তথ্য জানা সম্ভব হবে, যা তীর্থযাত্রীদের দুর্ভোগ কমাতে সহায়ক হবে।
শনিবার প্রকাশিত গালফ নিউজ–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই সেবার মাধ্যমে মক্কার গ্র্যান্ড মসজিদে তাওয়াফ ও সায়ীর জন্য নির্ধারিত এলাকাগুলোর ভিড়ের রিয়েল-টাইম তথ্য পাওয়া যাবে। এতে ইবাদতকারীরা তুলনামূলক কম ভিড়ের পথ ও সময় বেছে নিয়ে আরও স্বাচ্ছন্দ্যে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন।
গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ জানিয়েছে, প্ল্যাটফর্মটিতে ভিড়ের ঘনত্বের সরাসরি সূচক, তাৎক্ষণিক হালনাগাদ তথ্য এবং ভিড় এড়াতে প্রয়োজনীয় নির্দেশনা থাকবে। এর লক্ষ্য হলো ইবাদতকারীদের অভিজ্ঞতা আরও নিরাপদ, সহজ ও সুশৃঙ্খল করা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, কিউআর কোড স্ক্যানের মাধ্যমে এই ডিজিটাল সেবায় প্রবেশ করা যাবে। নিয়মিত হালনাগাদ তথ্যের মাধ্যমে তীর্থযাত্রীরা সহজে চলাচল করতে পারবেন এবং তাওয়াফ ও সায়ী নির্বিঘ্নে সম্পন্ন করার পাশাপাশি গ্র্যান্ড মসজিদে ভিড় নিয়ন্ত্রণও আরও কার্যকর হবে। গালফ নিউজ
রেডিওটুডে নিউজ/আনাম

