কাস্পিয়ান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে ইউক্রেনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিন বলেছে, ইরানের পতাকাবাহী জাহাজে হামলা কার্যত ইরানের ওপরই হামলার শামিল।
মঙ্গলবার (২৮ জুলাই) এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, কাস্পিয়ান সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা ইরানের বিরুদ্ধে পরিচালিত হামলা হিসেবে বিবেচিত হতে পারে।
তিনি অভিযোগ করেন, ইউক্রেন তার তথাকথিত সন্ত্রাসী হামলার ভৌগোলিক পরিধি ক্রমেই বিস্তৃত করছে। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের হুমকি নির্মূল করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
পেসকভ আরও দাবি করেন, ইউক্রেন এর আগে জার্মানির নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন ধ্বংস এবং কাজাখস্তানের সিপিসি পাইপলাইন অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়ে দেশটির স্বার্থ ক্ষতিগ্রস্ত করেছে।
গত শনিবার (২৫ জুলাই) কাস্পিয়ান সাগরে ইরানের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়। ওই ঘটনায় একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হন।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, কিয়েভ কেবল সেই জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে, যেগুলোর সঙ্গে সামরিক সরঞ্জাম বা কার্গো পরিবহনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
এদিকে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ ঘটনাকে জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে বলেন, এ হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।
আরাগচি বলেন, কিয়েভ সরকার যা করেছে, তার মূল্য অবশ্যই দিতে হবে। একই ধরনের অবস্থান ব্যক্ত করেছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো হামলার জবাব দেওয়া হবে এবং তেহরান এ ঘটনায় নীরব থাকবে না।
রেডিওটুডে নিউজ/আনাম

