চলতি বছরের অর্ধেকের বেশি সময় ইতোমধ্যে পেরিয়ে গেছে। বাকি সময়েও সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে আরও ছয়টি সরকারি ছুটি। এর মধ্যে দুটি ছুটি পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। তবে কয়েকটি ছুটির সঙ্গে একদিনের ঐচ্ছিক ছুটি মিলিয়ে টানা কয়েকদিনের অবকাশ কাটানোর সুযোগও রয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন—সব মিলিয়ে সরকারি ছুটি ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে।
১৮ আগস্ট পর্যন্ত বছরের বেশির ভাগ সরকারি ছুটি শেষ হয়ে গেছে। এখন বাকি রয়েছে ছয়টি সরকারি ছুটি।
আগস্টে এক দিন
আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে ২৮ ও ২৯ আগস্ট শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি কাটানো সম্ভব।
সেপ্টেম্বরে এক দিন
৪ সেপ্টেম্বর শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় এর জন্য অতিরিক্ত কোনো কর্মদিবসের ছুটি পাওয়া যাবে না।
অক্টোবরে দুই দিন
অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে রয়েছে দুই দিনের সরকারি ছুটি। ২০ অক্টোবর মঙ্গলবার নবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছুটি থাকবে।
এর পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার ছুটি নিতে পারলে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা পাঁচ দিনের অবকাশ পাওয়া যাবে।
ডিসেম্বরে দুই দিন
বছরের শেষ মাস ডিসেম্বরে রয়েছে আরও দুটি সরকারি ছুটি। ১৬ ডিসেম্বর বুধবার বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর শুক্রবার যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে সরকারি ছুটি থাকবে।
১৬ ডিসেম্বরের পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে ১৮ ও ১৯ ডিসেম্বরের শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ রয়েছে।
অন্যদিকে ২৫ ডিসেম্বর শুক্রবার হওয়ায় বড়দিনের ছুটি সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে মিলে যাবে।
বছরের বাকি সরকারি ছুটিগুলো একনজরে
২৬ আগস্ট, বুধবার - পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
৪ সেপ্টেম্বর, শুক্রবার - জন্মাষ্টমী
২০ অক্টোবর, মঙ্গলবার - দুর্গাপূজা—নবমী
২১ অক্টোবর, বুধবার - দুর্গাপূজা—বিজয়া দশমী
১৬ ডিসেম্বর, বুধবার - বিজয় দিবস
২৫ ডিসেম্বর, শুক্রবার - যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন)
রেডিওটুডে নিউজ/আনাম

