বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে নতুন করে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ কয়েকটি দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সম্প্রতি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া মো. কামরুল আহসানকে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া সারদার পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।
খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে, সম্প্রতি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেনকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে এসবির বর্তমান প্রধান সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।
অপরদিকে, ট্যুরিস্ট পুলিশের প্রধান মাইনুল হাসানকে সারদার পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে বদলি করা হয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলি ও পদায়নের এই আদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও রেঞ্জে দায়িত্বে পরিবর্তন এসেছে।
রেডিওটুডে নিউজ/আনাম

