যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, কানাডাকে প্রথম ‘সহযোগী সদস্য’ (অ্যাসোসিয়েট মেম্বার) করার প্রস্তাব নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এগোলে তিনি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন।
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে কানাডার সবচেয়ে ঘনিষ্ঠ অংশীদার হিসেবে বিবেচনা করা হলেও, সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইইউর সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছেন।
গত সপ্তাহে তিনি বলেন, ব্রাসেলসের সঙ্গে একটি ‘অনন্য জোট’ গঠনের চেষ্টা করছেন তিনি।
আর গতকাল দেওয়া স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, তিনি কানাডার জন্য ‘দরজা উন্মুক্ত করার’ বিষয়ে কাজ করতে চান, যার মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠবে।
গত রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “তারা যদি এটা করে, যদি আমি মনে করি এটি কোনো ধরনের বৈরী পদক্ষেপ, তাহলে আমি খুবই কঠোর শুল্ক আরোপ করব অথবা ইউরোপের সঙ্গে অনেক বিষয়ে বাণিজ্য বন্ধ করে দেব।
“তাই তারা যদি এটা করে, যদি ইউরোপ খারাপ উদ্দেশ্যে এটা করে, তাহলে আমরা ইউরোপের ওপর খুব ভারী শুল্ক আরোপ করব। যদি উদ্দেশ্য ভালো হয়, তাহলে ঠিক আছে। কিন্তু যদি উদ্দেশ্য খারাপ হয়, তাহলে আমরা খুব ভারী শুল্ক দেব।”
কানাডার ইইউর সহযোগী সদস্য হওয়ার সম্ভাবনাকে ‘হাস্যকর’ বলেও অভিহিত করেছেন ট্রাম্প।
আজ ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা রয়েছে কার্নির। তিনি পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশনে সম্মানিত অতিথি হিসেবে অংশ নিচ্ছেন।
রেডিওটুডে নিউজ/আনাম

