ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় পেয়ে আনন্দ মিছিল ও শোভাযাত্রা না করে দেশের সব মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দেশবাসীর সুখ ও সমৃদ্ধি কামনায় দোয়াও করেছে দলটি।
আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা দেশের বিভিন্ন মসজিদে এ কর্মসূচি পালন করেছে দলটি। এছাড়া সারা দেশে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব-স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন।
এর আগে, গতকাল (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোটের প্রার্থীরা ২১৪টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। এছাড়া অন্যান্য ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৮টি আসনে।
রেডিওটুডে নিউজ/আনাম

