ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে হট্টগোলের সৃষ্টি হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন চলাকালে ব্যাংক রেজুলেশন (সংশোধন) বিল, ২০২৬ জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের ওপর আলোচনার সময় এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই সংসদ সদস্য বলেন, বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, সেইটাও হওয়া সম্ভব না। বিএনপি ক্ষমতায় আসবে আর বাংলাদেশ প্রথমবারের মতো ঋণ খেলাপিতে সর্বোচ্চ স্থান অর্জন করবে না, সেটাও হতে পারে না। সুতরাং বিএনপি ক্ষমতায় আসা মানেই ঋণ খেলাপিতে সর্বোচ্চ হওয়া। ৬ লাখ ৬ হাজার কোটি টাকার উপরে ঋণ খেলাপি হওয়া ইত্যাদি ইত্যাদি।
তার এমন বক্তব্যে সরকারদলীয় সংসদ সদস্য প্রতিবাদ জানাতে থাকলে সংসদে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় ডেপুটি স্পিকার তাদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, পার্লামেন্ট যারা আছেন, প্রত্যেকের এখানে স্বাধীনতা আছে, তারা তাদের বক্তব্য উপস্থাপন করবেন। যখন আপনাদের সুযোগ আসবে তখন আপনারা সেটি খণ্ডন করবেন, কিন্তু বক্তব্য প্রদানে বাধা প্রদান করা কোনো অবস্থাতেই কাম্য না।
পরে নিজের বক্তব্যে রুমিন ফারহানা বলেন, এত অসহিষ্ণু সংসদ, মনে হয় যেন একেবারে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি। আওয়ামী লীগকে যখন বলতাম, তখন তারাও হট্টগোল করত। এখন একই ধরনের আচরণ করছে, আরও খারাপ আচরণ। পরে ব্যাংক রেজুলেশন (সংশোধন) বিল, ২০২৬ এর ১৮ এর ‘ক’ ধারা বহাল রাখার সমালোচনা করেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই সংসদ সদস্য বলেন, এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্য ঋণ খেলাপি হিসেবে পরিচিত। নির্বাচনের আগে নামটা কাটানোর জন্য হাইকোর্টে গিয়ে রিট করা— এগুলো আমাদের পুরানো সংস্কৃতি। এগুলো আমরা বহু দেখেছি।
এর মধ্যেই রুমিন ফারহানার নির্ধারিত সময় শেষ হয়ে গেলে হট্টগোল ইস্যুতে ডেপুটি স্পিকারের কাছে কথা বলার অনুমতি চান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পরে ডেপুটি স্পিকার অনুমতি দিলে বিরোধীদলীয় নেতা বলেন, একজন সংসদ সদস্য তার কথা বলতে দাঁড়িয়েছেন। আপনার (স্পিকার) জায়গা থেকে আপনি তাকে সুযোগ দিয়েছেন। হতে পারে তার কথাগুলা সবগুলা সঙ্গত নয়, আবার হতে পারে যে তার কথাগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা তো কিছুই শুনতে পারলাম না। এ সময় সংসদ সদস্যদের বক্তব্য রাখার স্বাধীনতা অক্ষুণ্ন রাখার বিষয়ে ডেপুটি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
রেডিওটুডে নিউজ/আনাম

