রসুন কেবল রান্নায় স্বাদই বাড়ায় না, এর আরও অনেক গুণ রয়েছে। অনেকেই দিনের শুরুটা অল্প পরিমাণ কাঁচা রসুন খেয়ে খান, তাদের বিশ্বাস, এটি হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। আসলেই কি তাই? সকালে কাঁচা রসুন খেলে কী কী উপকারিতা মেলে তা জানানো হয়েছে ‘নিউজ এইট্টিনে’র এক প্রতিবেদনে।
রসুনে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে, যা শরীরকে ঋতুভিত্তিক বিভিন্ন সংক্রমণের হাত থেকে রক্ষা করে। প্রতিদিন অল্প পরিমাণে রসুন খেলে শরীরের অভ্যন্তরীণ রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। সারাদিন কর্মশক্তি বজায় রাখার এটি সহজ ও প্রাকৃতিক উপায়।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষজ্ঞদের মতে, রসুনে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণাবলী রয়েছে। খালি পেটে কাঁচা রসুন খেলে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে এবং হজমজনিত সমস্যা প্রতিরোধে সহায়তা পাওয়া যায়।
রসুনে 'অ্যালিসিন' নামক একটি সক্রিয় উপাদান থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। নিয়মিত ও পরিমিত পরিমাণে রসুন খেলে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমে, ধমনীতে চর্বি জমে বাধা সৃষ্টি হওয়া রোধ হয় এবং দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।
খালি পেটে কাঁচা রসুন খেলে তা শরীরের ভেতর থেকে বিষাক্ত পদার্থ বা টক্সিন বের করে দেওয়ার স্বাভাবিক প্রক্রিয়াকে সহায়তা করে। সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি, রসুনের সক্রিয় উপাদানগুলো লিভারের কার্যকারিতা বাড়ায়। সেই সঙ্গে প্রতিদিন সকালে শরীরকে কার্যকরভাবে পরিষ্কার রাখতে সাহায্য করে।
যারা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তারা নিয়মিত রসুন খেতে পারেন। এটি শরীরের ক্যালোরি পুড়িয়ে বিপাকীয় প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কতটা কাঁচা রসুন খাবেন?
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যারিল্যান্ড মেডিকেল সেন্টারের তথ্য অনুযায়ী, দিনে চার কোয়া বা ১ গ্রাম পর্যন্ত রসুন খেলে শারীরিক ক্ষতি হয় না। অবশ্য কেউ কেউ এর থেকে বেশি রসুনের কোয়া খেয়েও সুস্থ থাকেন। তবে সবার জন্য তা নিরাপদ নয়।
রেডিওটুডে নিউজ/আনাম

