নেপালের পোখারায় অনূর্ধ্ব-১৯ নারী সাফের ফাইনালে ভারতের কাছে হারটি মেনে নিতে পারছেন না ফুটবলাররা। বিশেষ করে যে ভারতকে রাউন্ড রবিন লিগে দুই গোলে হারিয়েছিল, শনিবার সেই ভারতের কাছে ৪-০ গোলের পরাজয় বড় ধাক্কা হয়ে আসে অর্পিতা বিশ্বাস-আলপি আক্তাদের মাঝে।
ম্যাচের পর কোচ পিটার বাটলার ফাইনাল নিয়ে কোনো মন্তব্য করেননি। পরিকল্পনা ভেস্তে যাওয়ায় ব্রিটিশ এ কোচ মুখে কুলুপ এঁটেছেন। বয়সভিত্তিক সাফ খেলা মেয়েরা গতকাল দেশে ফিরেছে। ঢাকায় ফেরার পরও অবসর নেই তাদের। নেমে পড়তে হচ্ছে অনুশীলনে। সামনে বাংলাদেশ নারী ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা। মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় নারী এশিয়ান কাপের মিশনে নামতে যাচ্ছেন আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমারা। ৩ মার্চ সিডনিতে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের যাত্রা।
অনূর্ধ্ব-১৯ সাফে ব্রিটিশ কোচকে দায়িত্ব দেওয়ার মূলেই ছিল সেখান থেকে কয়েকজনকে এশিয়ান কাপের দলে নেওয়া। ফাইনালের আগে বাটলারও এমনটা জানিয়েছিলেন।
বয়সভিত্তিক সাফে আলপি, মুনকি, তৃষ্ণার মতো ফুটবলাররা আলো ছড়িয়েছেন। সাত গোল করা আলপি সর্বোচ্চ গোল স্কোরার সঙ্গে হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। তাই পঞ্চগড় থেকে উঠে আসা এ ফরোয়ার্ডের থাকার সম্ভাবনা আছে এশিয়ানগামী বাংলাদেশ দলে।
রেডিওটুডে নিউজ/আনাম

