ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিমান বাহিনীসহ তিন বাহিনীর ড্রোনের মাধ্যমে ভোটের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ড্রোন মোতায়েনে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিজিবি ও র্যা বের মহাপরিচালকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছে সংস্থাটি।
ইসির সিনিয়র সহকারী সচিব শহীদুল ইসলামের স্বাক্ষরিত ওই চিঠিগুলোতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তপশিল পরবর্তী সময়ে নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিভিন্ন বাহিনী/সংস্থা/বিভাগ কর্তৃক সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
চিঠিগুলোতে আরও বলা হয়, জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচনকালীন যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এরূপ পরিস্থিতিতে স্বল্প সময়ে মাঠপর্যায়ের বাস্তব অবস্থা নির্ণয়, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং যথাযথ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ড্রোনের মাধ্যমে নজরদারি অত্যন্ত সহায়ক হবে।
এ অবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পাদনের স্বার্থে বিমান বাহিনী, র্যাব ও বিজিবি কর্তৃক ড্রোন মোতায়েন করে ড্রোনের লাইভ ফিড নির্বাচন কমিশন সচিবালয়ের আইনশৃঙ্খলা সমন্বয় সেলে প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এছাড়া বিমান বাহিনীর ড্রোনের লাইভ ফিড ইসিসহ প্রধান উপদেষ্টার কার্যালয়েও প্রদান করতে হবে বলে বিমান বাহিনীর জন্য পাঠানো চিঠিতে বলা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

