কীভাবে দুর্নীতি দমন করতে হয় বিএনপি তা জানে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (০৯ ফেব্রুয়ারি) ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনি জনসভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, ২০০১ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমতায় এসে দেশকে দুর্নীতির তকমা থেকে বের করে নিয়ে আসে। তিনি বলেন, দুর্নীতি ও আইনশৃঙ্খলা নিয়ে কোনো আপস নেই।
তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর খাদ্য উৎপাদন দ্বিগুন হয়। তিনি খাদ্য উৎপাদন শুধু দ্বিগুনই করেননি, তার সময় খাদ্য রপ্তানিও করা হয়। খালেদা জিয়া ১৯৯১ সালে ক্ষমতায় এসে দেশে কলকারখানা প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যান।
তারেক রহমান বলেন, বিএনপিই একমাত্র দল, যারা জানে কীভাবে দুর্নীতিকে দমন করতে হয়। বিএনপিই একমাত্র দল যারা জানে কীভাবে নারীদের সাবলম্বী করতে হয়। বিএনপিই একমাত্র দল যারা কীভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়।
তিনি বলেন, অনেকে বক্তৃতার মঞ্চে বড় বড় কথা বলে। বড় বড় কথা বলা সহজ, কিন্তু দেশ চালানো সহজ কাজ নয়। তাদের শুধু বড় বড় কথা, দেশ নিয়ে কোনো পরিকল্পনা নেই।
তারেক রহমান বলেন, মানুষের ভাগ্যের যদি কেউ পরিবর্তন করতে পারে, তা হলো ধানের শীষ।
এ সময় মির্জা আব্বাসের হাতে ধানের শীষ তুলে দিয়ে তিনি এলাকাবাসীকে আব্বাসকে ভোট দেওয়ার আহ্বান জানান।
রেডিওটুডে নিউজ/আনাম

