‘বিশ্বকাপের পর কোরআন মুখস্থ করতে চাই এবং মসজিদের ইমাম হতে চাই’

রোববার,

২১ জুন ২০২৬,

৭ আষাঢ় ১৪৩৩

রোববার,

২১ জুন ২০২৬,

৭ আষাঢ় ১৪৩৩

Radio Today News

‘বিশ্বকাপের পর কোরআন মুখস্থ করতে চাই এবং মসজিদের ইমাম হতে চাই’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৫, ২১ জুন ২০২৬

Google News
‘বিশ্বকাপের পর কোরআন মুখস্থ করতে চাই এবং মসজিদের ইমাম হতে চাই’

বিশ্বকাপের পর পেশাদার ফুটবল থেকে অবসরের কথা ভাবছেন মরক্কোর তারকা ডিফেন্ডার নুসাইর মাজরাউই। ২৮ বছর বয়সী এই ফুটবলার জানিয়েছেন, ফুটবল বিশ্বকাপের ক্যারিয়ারের ইতি টেনে তিনি পুরোপুরি মনোযোগ দিতে চান কোরআন মুখস্থ করা এবং ধর্মীয় সেবায় নিজেকে নিয়োজিত করার দিকে।

২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে গত মার্চে দেওয়া এক পুরোনো সাক্ষাৎকারে মাজরাউই স্পষ্টভাবে ইঙ্গিত দেন, এই টুর্নামেন্টই হতে পারে তার শেষ আন্তর্জাতিক আসর। তিনি বলেন, 'আমি হয়তো বিশ্বকাপের পর অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে পারি। জীবন খুব ছোট। আমি কোরআন মুখস্থ করতে চাই এবং একদিন মসজিদের ইমাম হতে চাই।'

তার এই মন্তব্যটি চলতি বিশ্বকাপে নতুন করে আলোচনায় আসে। যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে অবসরের তারিখ নিশ্চিত করেননি, তবে ধারণা করা হচ্ছে—ধর্মীয় শিক্ষায় নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত করার পরিকল্পনা থেকেই এমন সিদ্ধান্তের কথা ভাবছেন তিনি।

কোরআন মুখস্থ করা বা ‘হিফজ’ সম্পন্ন করা একটি দীর্ঘ ও নিবিড় প্রক্রিয়া, যা সম্পূর্ণ করতে বছরের পর বছর অধ্যবসায় প্রয়োজন। পাশাপাশি ইমাম হওয়ার জন্য শুধু কোরআন মুখস্থই নয়, প্রয়োজন গভীর ধর্মীয় জ্ঞান ও কমিউনিটি নেতৃত্বের দক্ষতা।
 
এদিকে, ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ইসলামিক ফিনটেক প্রতিষ্ঠান ওয়াহেদ-এর সঙ্গে যুক্ত হয়েছেন মাজরাউই। মার্চে তিনি প্রতিষ্ঠানটির কৌশলগত অংশীদার ও শেয়ারহোল্ডার হিসেবেও যুক্ত হন, যা তার ব্যক্তিগত আগ্রহ ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে ধারণা করা হচ্ছে।

সব মিলিয়ে ফুটবল বিশ্বের আলোচিত এই তারকার ভবিষ্যৎ সিদ্ধান্ত এখন ক্রীড়াঙ্গনের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক পরিসরেও ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের