আল আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করল ফিফা

মঙ্গলবার,

১৮ আগস্ট ২০২৬,

৩ ভাদ্র ১৪৩৩

মঙ্গলবার,

১৮ আগস্ট ২০২৬,

৩ ভাদ্র ১৪৩৩

Radio Today News

আল আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করল ফিফা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৩২, ১৮ আগস্ট ২০২৬

Google News
আল আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করল ফিফা

মালদ্বীপের বিপক্ষে চার জাতির টুর্নামেন্টে মারামারির ঘটনায় বাংলাদেশ জাতীয় দলের স্ট্রাইকার আল আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। একই ঘটনায় নতুন করে শাস্তির আওতায় এসেছেন বাংলাদেশের আরেক ফুটবলার মিরাজুল ইসলামও। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

গত ৭ জুন মালদ্বীপের বিপক্ষে ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তেজনার শুরু। যোগ করা সময়ে বাংলাদেশের পিয়াস আহমেদের সঙ্গে সংঘর্ষে মালদ্বীপের হাসান ইনাজ মাটিতে পড়ে গেলে রেফারি সেকারান সেন্থিলনাথন স্বাগতিকদের পক্ষে ফ্রি-কিক দেন। এই সিদ্ধান্ত ঘিরে ক্ষুব্ধ হয়ে ওঠেন বাংলাদেশের খেলোয়াড়েরা।

সাইড বেঞ্চ থেকে উঠে প্রতিবাদ করায় প্রথমে লাল কার্ড দেখেন মিরাজুল। এরপর মাঠে রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করায় লাল কার্ড দেখেন আল আমিন। কার্ড দেখার পর রেফারিকে ধাক্কা দেওয়ার ঘটনাও ঘটে।

এরপরও উত্তেজনা থামেনি। বাংলাদেশের অর্ধে বল দখলের লড়াইকে কেন্দ্র করে মালদ্বীপের ইব্রাহিম নাসির ও বাংলাদেশের মনজুরুর রহমানের মধ্যে বাদানুবাদ শুরু হলে দুই দলের খেলোয়াড়েরা জড়ো হয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোচিং স্টাফ ও কর্মকর্তাদের মাঠে নামতে হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় ম্যাচটি।

টুর্নামেন্ট শেষ হওয়ার প্রায় এক সপ্তাহ পর ঘটনায় প্রথম দফায় বাংলাদেশের ম্যানেজার ও মিরাজুলকে আর্থিক জরিমানা করেছিল ফিফা। এবার আল আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি মিরাজুলের বিরুদ্ধেও নতুন করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আল আমিনের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আর আপিলের সুযোগ নেই।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের