স্থল নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ শুক্রবার এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে।
তবে নিম্নচাপটির প্রভাবে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
সতর্কবার্তায়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
ঝড়ো হাওয়ার সম্ভাবনায় সমুদ্র ও উপকূলীয় এলাকায় অবস্থানরত সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

