পবিত্র আখেরি চাহার, আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

বুধবার,

১২ আগস্ট ২০২৬,

২৮ শ্রাবণ ১৪৩৩

বুধবার,

১২ আগস্ট ২০২৬,

২৮ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

পবিত্র আখেরি চাহার, আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:০২, ১২ আগস্ট ২০২৬

Google News
পবিত্র আখেরি চাহার, আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় এ উপলক্ষে এক দিন ছুটি রাখা হয়েছে।

ছুটির আওতায় থাকবে দেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়। তবে আখেরি চাহার সোম্বা উপলক্ষে দেশে কোনো সরকারি সাধারণ ছুটি নেই; এটি ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত সব কলেজ বন্ধ থাকবে। একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও পৃথক নোটিশ দিয়ে ছুটি ঘোষণা করেছে। রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও এরই মধ্যে বুধবার ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আখেরি চাহার সোম্বা কী
‘আখেরি চাহার সোম্বা’ মূলত আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে গঠিত। ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার এবং ‘শোম্বা’ অর্থ বুধবার। অর্থাৎ, আখেরি চাহার সোম্বা বলতে সফর মাসের শেষ বুধবারকে বোঝায়।

মুসলিম সমাজে দিনটি বিশেষ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। এ দিনকে ঘিরে বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত, জিকির-আজকার ও মোনাজাতের আয়োজন করা হয়।

ধর্মীয় তাৎপর্য
প্রচলিত ধর্মীয় বর্ণনা অনুযায়ী, রাসুলুল্লাহ (সা.)-এর অসুস্থতার সময় তাঁর সাময়িক সুস্থতার সংবাদে সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। বর্ণিত আছে, সেই দিনটি ছিল সফর মাসের শেষ বুধবার। মহানবী (সা.)-এর সুস্থতার স্মরণে পরবর্তী সময়ে মুসলিম সমাজে দিনটি বিশেষভাবে পালনের রীতি প্রচলিত হয়।

অনেক মুসলিম এ দিনকে শুকরিয়া আদায়ের দিন হিসেবে পালন করেন। এ উপলক্ষে গোসল, দুই রাকাত নফল নামাজ, দোয়া ও দান-খয়রাতসহ বিভিন্ন ইবাদত করা হয়। দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, খানকা ও ধর্মীয় প্রতিষ্ঠানে এ উপলক্ষে আলোচনা, মিলাদ, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়ে থাকে।

তবে আখেরি চাহার সোম্বা পালনের বিভিন্ন আনুষ্ঠানিকতা ও এর ধর্মীয় ভিত্তি নিয়ে আলেমদের মধ্যে মতভেদও রয়েছে। তাই ব্যক্তিগতভাবে ধর্মীয় আচার পালনের ক্ষেত্রে নির্ভরযোগ্য আলেমের পরামর্শ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের