বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি নয়, নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিক্ষক নিয়োগ দেবে, এটাই চূড়ান্ত। এ নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হলেও শিক্ষক নিয়োগে আগের নিয়মই বহাল আছে বলে সাফ জানিয়েছে শিক্ষা মন্ত্রনালয়। এক্ষেত্রে নতুন করে কোনও পরিপত্র জারি হয়নি বলেও জানায় মন্ত্রনালয়। সোমবার (১০ আগস্ট) রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে নিজের ফেসবুক পোস্টে শিক্ষামন্ত্রী জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
তিনি বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২০০৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে প্রতিষ্ঠিত হয়। এনটিআরসিএর কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দরভাবে পরিচালনার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যালোচনা অব্যাহত রয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।’ এ বিষয়ে কোনো অপতথ্য প্রচার না করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, এনটিআরসি নয়, ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, এমন খবর বিভিন্ন গণমাম্যমে প্রকাশিত হলে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হতে দেখা যায়। এরই প্রেক্ষিত্রে এবার শিক্ষা মন্ত্রণালয় ও মন্ত্রী তাদের অবস্থান জানিয়েছেন।
রেডিওটুডে নিউজ/আনাম

