ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও নির্বিঘ্ন করার লক্ষ্যে দেশের সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সরকারি নির্দেশনা অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে ১৩ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত একটানা ২৪ ঘণ্টা দেশের কোনো স্থলবন্দর দিয়ে যাত্রী গমনাগমন বা পণ্যবাহী যানের কার্যক্রম চলবে না।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৫ শাখার উপসচিব কাজী আরিফুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়েছে।
আদেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উল্লেখ করা হয়েছে, জাতীয় এই নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নির্ধারিত সময়ে সব স্থলবন্দরে গমনাগমন বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এই সিদ্ধান্তের ফলে ১২ ফেব্রুয়ারি সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সড়কপথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবে।
তবে নির্ধারিত সময় পার হওয়ার পর অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি ভোর ৬টার পর থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে ইমিগ্রেশন ও বন্দর কার্যক্রম শুরু হবে।
জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং ভোটগ্রহণের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কড়াকড়ি আরোপ করেছে।
রেডিওটুডে নিউজ/আনাম

