মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পুলিশ দিয়ে হামলা করে বিরোধী মতের নেতাকর্মীদেরকে জখম, গুলিকরে পঙ্গু করার মাধ্যমে জণমনে আতঙ্ক সৃষ্টি করে এই মাফিয়া সরকার রাষ্ট্র ক্ষমতা র্দীঘায়িত করার সকল অপচেষ্টা অব্যাহত রেখেছে। এই উদ্দেশ্য পূরণে সরকার দিন-দিন দানবীয় রূপ ধারণ করছে। তিনি সরকারের এইরূপ দানবীয় আচরনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
চট্টগ্রামে ছাত্রদল নেতা সাইফুল ইসলামকে গ্রেফতারের পর তার পায়ে গুলি করে পঙ্গু করার অমানবিক, নিষ্ঠুর আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ ও দোষী ব্যক্তিদের বিচার দাবি জানিয়ে এক বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বিবৃতিতে বলেন, পুলিশ গত ১৭ জুন (বৃহস্পতিবার) ছাত্রদল চট্টগ্রাম মহানগরীর সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে তার পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে। পরবর্তীতে তার অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকার পঙ্গু পাসপাতালে ভর্তি করা হয়। পঙ্গু হাসপাতালে তার বাম পা কেটে ফেলতে হয়েছে।
মির্জা ফখরুল বিবৃতিতে বলেন, এই বীভৎস, নৃশংস পৈশাচিক ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব দেশের মানুষের জান-মালের নিরাপত্তা বিধান করা, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ক্ষমতাসীনদের তুষ্ট করার লক্ষে বিরোধী দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপর অন্যায় এবং বেআইনীভাবে যত্রতত্র নির্বিচারে গুলি চালিয়ে হত্যা, নির্যাতন ও পঙ্গু করা এখন যেন তাদের নিত্যদিনের কর্ম হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, পুলিশ ছাত্র নেতা সাইফুলের ওপর যে পৈশাচিক কর্মযজ্ঞ ঘটিয়েছেন তা রাষ্ট্রীয় আইনে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং মানবতাবিরোধী অপরাধ। সরকার নিজেদের অনৈতিক এবং কর্তৃত্ববাদী শাসন পাকাপোক্ত করতেই বিরোধী মতের নেতাকর্মী ও জনগণের উপর হিংস্র আচরণ অব্যাহত রেখেছে। বিভিন্ন বাহিনীকে অন্যায়ভাবে নিজেদের হীন স্বার্থে অপব্যবহার করে সরকার তাদেরকে জনগণের মুখোমুখী দাঁড় করাচ্ছে। মানুষের কল্যাণে কাজ না করে ক্ষমতার দাম্ভিকতায় ত্রাস সৃষ্টির মাধ্যমে দেশকে গভীর সঙ্কটে নিপতিত করছে। সারাদেশে গুম, খুন, অপহর ও বিচারবর্হিভূত হত্যা চালিয়ে দেশকে ত্রাসের রাজ্যে পরিণত করেছে।
বিএনপি মহাসচিব বিবৃতিতে ছাত্রদল নেতা সাইফুল ইসলামের পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে তার বাম পা কেটে ফেলে তাকে পঙ্গু করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এই মানবতা বিবর্জিত ঘটনার সাথে জড়িতদের বিচার এবং ছাত্রদল নেতা সাইফুল ইসলামের নি:শর্ত মুক্তি দাবি করেন।

