প্রথম ধাপে ১০২৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, আগামী ১০ ডিসেম্বর ইউপি নির্বাচন নিয়ে সব দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন।
কোন ইউনিয়নে কবে নির্বাচন হবে, সেই তথ্য আগামী বৃহস্পতিবারের (১৯ নভেম্বর) মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান তিনি। সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের ১৩তম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, দ্বিতীয় ধাপে এক হাজার ১১৩, তৃতীয় ধাপে এক হাজার ২টি, চতুর্থ ধাপে ৭৯৩টি, পঞ্চম ধাপে ৩৫৬ ইউনিয়নে ভোট হবে।
সানাউল্লাহ বলেন, সাধারণত ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা তপশিল ঘোষণা করবেন। ভোটের তারিখের ৩৮ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। আগের সিদ্ধান্তের ধাপগুলো হলো- প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে। প্রতিটি ভোটের দিন বৃহস্পতিবার।
রেডিওটুডে নিউজ/আনাম

