করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঢাকা হতে সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (২২ জুন) রেল ভবনে এ বিষয়ে এক নীতিগত সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার রাত ১২ টার পর থেকে এ সিদ্ধান্ত বলবৎ হবে।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রেলপথ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ট্রেন পরিচালনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের এ বিষয়ে প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়। সারা দেশের বিভিন্ন রেল স্টেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এখন আদেশ পাওয়ার অপেক্ষায় আছেন।
গতকাল (সোমবার) ঢাকার পার্শ্ববর্তী চারটি সহ মোট সাতটি জেলায় কঠোর লকডাউন শুরু হয়েছে। প্রথমে বলা হয়েছিলো যে, যেসব এলাকায় লকডাউন দেয়া হয়েছে সেসব এলাকাগুলোতে ট্রেনের যাত্রাবিরতী থাকবে না। অন্য গন্তব্যে যথারীতি ট্রেন চলাচল করবে। মঙ্গলবার সকালেও বলা হয়েছিল স্বাস্থ্যবিধি মেনে ঢাকা থেকে ট্রেন চলবে। তবে িএখন সিদ্ধান্ত পরিবর্তন করতে যাচ্ছে সরকার।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার জানিয়েছেন, মঙ্গলবার রাত বারোটার পর থেকে ঢাকা হতে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হচ্ছে। ঢাকা থেকে কোনো ট্রেন পরিচালনা করা হবে না।
কমলাপুর রেরওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার বলেছেন, যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ৫ এপ্রিল থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল। ওই সময় সরকার বিধিনিষেধ আরোপ করলে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল।
পরে যাত্রীবাহী ট্রেন পরিচালনা শুরু হয় গত ২৪ মে। ট্রেনের মোট আসনের ৫০ শতাংশ যাত্রী পরিবহন করার শর্তে যাত্রী পরিবহন অব্যাহত ছিল। সারাদেশে ২৮ জোড়া আন্ত:নগর ট্রেন, ৯ টি মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয় প্রথম দিকে। পরে তা আরো বাড়ানো হয়।
সর্বশেষ গত ৮ জুন কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয় নির্ধারিত ভ্রমণের পাঁচদিন আগে থেকে। তার আগে শুধু অনলাইনে টিকিট পাওয়া যেত।

