৪৩তম বিসিএস নন-ক্যাডার পদের নিয়োগ প্রক্রিয়াকে ‘অস্বচ্ছ’ ঘোষণা করে আগামী ৬০ দিনের মধ্যে মেধার ভিত্তিতে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, প্রচলিত আইন ও বিধিমালার ব্যত্যয় ঘটিয়ে এবং কোনো প্রকার মেধা তালিকা প্রকাশ ছাড়াই ২০২৪ সালে ৬৪২ জনকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিলো।
বৃহস্পতিবার (২৫ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এবং বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
রায়ের পর রিটকারী আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব বলেন, আদালত তার রায়ের পর্যবেক্ষণে স্পষ্ট করেছে যে, ৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। পুরো প্রক্রিয়াটি ছিলো অস্বচ্ছ। ফলে আদালত আগের মেধা তালিকা বর্জিত ফলাফল বাতিল করে আগামী দুই মাসের মধ্যে সম্পূর্ণ মেধার ভিত্তিতে নতুন ফলাফল প্রকাশের জন্য সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) নির্দেশ দিয়েছে।
রিট সূত্রে জানা যায়, ২০২৪ সালে ৪৩তম বিসিএসের নন-ক্যাডার তালিকায় কোনো প্রকার মেধা ক্রমানুসার প্রকাশ ছাড়াই সরাসরি ৬৪২ জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছিলো পিএসসি। সরকারি কর্ম কমিশনের এই সিদ্ধান্তকে আইনের চরম লঙ্ঘন ও বৈষম্যমূলক দাবি করে ৪৬২ জন বঞ্চিত চাকরিপ্রত্যাশী গত বছর হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন।
সেই রিটের দীর্ঘ শুনানি ও আইনি পর্যালোচনা শেষে এদিন উচ্চ আদালত রিটকারীদের পক্ষে এই রায় দিলো। এর ফলে ৪৩তম বিসিএস নন-ক্যাডারে বাদ পড়া যোগ্য প্রার্থীদের মেধার ভিত্তিতে মূল্যায়িত হওয়ার পথ পুনরায় সুগম হলো।
রেডিওটুডে নিউজ/আনাম

