চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে পূর্বঘোষণা অনুযায়ী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষাগুলো স্থগিত থাকবে।
রোববার সন্ধ্যায় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম বোর্ডের আওতাধীন জেলা ছাড়া) পরীক্ষাগুলোও যথাসময়ে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা এবং ওই অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত থাকবে।
এর আগে টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা-বন্যা পরিস্থিতির কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়েছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি জানিয়েছিলেন, শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করছে। ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করেই পরীক্ষা নেওয়া বা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

