নীলফামারীর ডোমারে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলার বোড়াগাড়ী ব্রিজসংলগ্ন ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ডোমার উপজেলার নাদিয়াপাড়া এলাকার ভ্যানচালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রতিমা রানি (২৮) এবং তাঁর দুই ছেলে পিতোসা (৮) ও যাদব (৪)। প্রতিমা ও তাঁর দুই সন্তান একই পরিবারের সদস্য।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, বিকেলে যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত ভ্যান ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাচ্ছিল। পথে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানচালক পরিমল বর্মন এবং একই পরিবারের তিন যাত্রীর মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
রেডিওটুডে নিউজ/আনাম

