একসময় বাণিজ্যিক ঘরানার সিনেমায় নিয়মিত মুখ ছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তবে সময়ের সঙ্গে বদলেছে তার কাজের প্রতি দৃষ্টিভঙ্গি।
এখন আর বেশি সংখ্যক সিনেমায় অভিনয় নয়, বরং চরিত্রের মান, অভিনয়ের সুযোগ এবং ব্যক্তিগত তৃপ্তিকেই প্রাধান্য দিচ্ছেন তিনি।
এমনকি পছন্দের কাজ না পেলেও নিজের জীবন নিয়ে তিনি সম্পূর্ণ সন্তুষ্ট বলেই জানিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান মানসিকতার কথা তুলে ধরে সোনাক্ষী বলেন, ‘আমি এখন এমন একটি জায়গায় আছি, যেখানে শুধু নিজের জন্যই কাজ করি। যে কাজ আমাকে আনন্দ দেয়, সেটাই করি।
এর বাইরে আমার জীবনও পরিপূর্ণ। যদি আমার পছন্দের কাজ না-ও আসে, তাতেও আমি আমার নিজের ছোট্ট দুনিয়াতেই খুব সুখে আছি।’
তার ভাষ্যে, এই পরিবর্তন হঠাৎ করে আসেনি। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে অন্যকে খুশি করা কিংবা পেশাগত প্রয়োজনের কারণে এমন অনেক ছবিতে অভিনয় করেছেন, যেগুলো হয়তো তার নিজের প্রথম পছন্দ ছিল না। কিন্তু এখন তিনি সচেতনভাবেই এমন চরিত্র বেছে নিচ্ছেন, যা একজন শিল্পী হিসেবে তাকে তৃপ্তি দেয়।
এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘এটা শতভাগ সচেতন সিদ্ধান্ত। প্রতিটি নতুন কাজের সঙ্গে আমি আরও বেশি সন্তুষ্ট হচ্ছি। ক্যারিয়ারে অনেক ধরনের কাজ করেছি। কোনো কিছু নিয়েই আমার আফসোস নেই। কিন্তু এখন আমি শুধু সেই কাজই করতে চাই, যা আমাকে সত্যিকারের আনন্দ দেয়।’
গত কয়েক বছরে চরিত্র নির্বাচনের ক্ষেত্রেও সেই পরিবর্তনের ছাপ স্পষ্ট। ‘দাহাড়’-এ একজন পুলিশ কর্মকর্তা, ‘হীরামান্ডি’-তে এক তবায়েফ এবং সম্প্রতি অশ্বিনী আইয়ার তিওয়ারির নতুন ছবি ‘সিস্টেম’-এ একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
নতুন ছবি ‘সিস্টেম’ নিয়েও বেশ আশাবাদী সোনাক্ষী। ছবিটি নিয়ে তিনি বলেন, ‘আমরা এমন একটি কাজ করেছি, যা নিয়ে গর্ব করা যায়। অশ্বিনী, জ্যোতিকা ও আশুতোষ গোয়ারিকরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ ছিল।’
ছবিটির প্রচারণার সময় পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি সোনাক্ষীকে ভারতের ‘মেরিল স্ট্রিপ’ ও ‘কেট উইন্সলেট’ বলে প্রশংসা করেন।
সেই প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, ‘আমি তাকে ফোন করে বলেছিলাম, তুমি তো আমার ওপর অনেক চাপ বাড়িয়ে দিলে! তবে এমন দুই অসাধারণ অভিনেত্রীর সঙ্গে তুলনা করা হলে সত্যিই ভালো লাগে।’
রেডিওটুডে নিউজ/আনাম

