প্রায় দেড় দশক ধরে জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর পরিচিত মুখ ছিলেন টালিউড অভিনেত্রী রচনা ব্যানার্জি। অনুষ্ঠানটির সঙ্গে তার নাম এতটাই জড়িয়ে গিয়েছিল যে অনেক দর্শকের কাছেই ‘দিদি’ মানেই ছিলেন রচনা।
তবে এবার সেই অধ্যায়ের ইতি টেনে নতুন মৌসুমে সঞ্চালকের দায়িত্ব নিচ্ছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।
সম্প্রতি প্রকাশিত নতুন প্রোমোতে স্বস্তিকাকে অনুষ্ঠানটির নতুন ‘দিদি’ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছে জি বাংলা। শুধু সঞ্চালক বদলেই নয়, নতুন সিজনে অনুষ্ঠানটির ফরম্যাটেও আনা হয়েছে একাধিক পরিবর্তন।
এত দিন যেখানে চারজন প্রতিযোগী নিয়ে খেলা অনুষ্ঠিত হতো, সেখানে এবার একসঙ্গে অংশ নেবেন ১০ জন।
যুক্ত হচ্ছে নতুন নতুন গেম সেগমেন্ট ও চমক। পাশাপাশি বদলানো হয়েছে সম্প্রচারের সময়ও। আগে বিকেলে প্রচারিত হলেও এবার থেকে পশ্চিমবঙ্গের স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে সম্প্রচার হবে অনুষ্ঠানটি। আগামী ২৯ জুন থেকে শুরু হবে নতুন মৌসুম।
অনুষ্ঠান থেকে সরে দাঁড়ানোর কারণ জানাতে গিয়ে রচনা ব্যানার্জি বলেন, ‘আমার কাজের চাপ ছিল। তবে এটাও ঠিক, অনুষ্ঠানটিকে নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত চ্যানেলের। সেই সিদ্ধান্তের ওপর আমার কিছু বলার নেই।’
তবে নতুন সঞ্চালক ও চ্যানেলের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে বলেও মনে করেন তিনি। রচনার কথায়, ‘ওদের প্রমাণ করে দেখাতে হবে, রচনা ব্যানার্জির বিকল্প কেউ হতে পারে।
আমি সেটাই দেখার অপেক্ষায় আছি। এই শো আজ যে জায়গায় পৌঁছেছে, সেখানে আমারও অবদান রয়েছে।’
অন্যদিকে, স্বস্তিকা মুখার্জির আগমনকে ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল। দীর্ঘদিনের জনপ্রিয় এই অনুষ্ঠানের নতুন রূপ, নতুন উপস্থাপনা এবং নতুন নিয়ম দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
রেডিওটুডে নিউজ/আনাম

