আইচি-নাগোয়া এশিয়ান গেমসে প্রথম স্বর্ণ পদক এলো চীনের ঘরে। রোববার নারীদের আধুনিক পেন্টাথলন দলীয় ইভেন্টে জয় ছিনিয়ে নেয় চীনা নারী দল।
এদিকে, চীনের ছয় সদস্যের উশু থাওলু দল রোববার ২০তম এশিয়ান গেমসে তাদের অভিযান শুরু করেছে। প্রতিযোগিতার প্রথম পূর্ণ দিনে দলের পাঁচজন ক্রীড়াবিদ এশিয়ান গেমসে অভিষেক করেছেন।
এর আগে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার পর্দা ওঠে এবারের এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসরের। জাপানের সম্রাট নারুহিতো আনুষ্ঠানিকভাবে গেমসের উদ্বোধন ঘোষণা করেন।
নাগোয়ার পালোমা মিজু স্টেডিয়ামে আয়োজিত দুই ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানে তুলে ধরা হয় জাপানের ঐতিহ্য ও সংস্কৃতি। অনুষ্ঠানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি কার্স্টি কভেন্ট্রির পাশে সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞীকে অভ্যর্থনা জানানো হয়।
এবারের এশিয়ান গেমসে ৩৮টি ডিসিপ্লিনে ৩৬৯টি ইভেন্টে অংশ নিতে ৮১৫ জন অ্যাথলেট পাঠিয়েছে চীন। চীনা অলিম্পিক কমিটির তথ্য অনুযায়ী, দেশটির দলের ২৭ শতাংশ অ্যাথলেটের জন্ম ২০০৫ সালে বা তার পরবর্তী সময়ে। এদের মধ্যে ৫৪৮ জন প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নিচ্ছেন। আর ৩০৬ জন এর আগে অলিম্পিক বা এশিয়ান গেমসে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে চীনের পতাকা বহন করেন বাস্কেটবল খেলোয়াড় হু মিংসুয়ান ও বক্সার উ ইউ। নারীদের ৫০ কেজি ওজন শ্রেণির বক্সার উ ইউ ২০২৩ সালের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ ও একই বছর অনুষ্ঠিত হাংচৌ এশিয়ান গেমসে স্বর্ণপদক জয় করেন।
অন্যদিকে, হাংচৌ এশিয়ান গেমসে চীনের পুরুষ বাস্কেটবল দলকে ব্রোঞ্জপদক জয়ে সহায়তা করেন হু মিংসুয়ান। এবারের আসরে চীনের পুরুষ বাস্কেটবল দলের অধিনায়কত্বও করবেন তিনি।
এ নিয়ে তৃতীয়বারের মতো এশিয়ান গেমস আয়োজন করছে জাপান। এর আগে ১৯৫৮ সালে টোকিও এবং ১৯৯৪ সালে হিরোশিমায় অনুষ্ঠিত হয়েছিল এশিয়ার বৃহত্তম এই ক্রীড়া আসর।
রেডিওটুডে নিউজ/আনাম

