চলতি বছরের প্রথম আট মাসে বেড়েছে চীন ও ইউরোপের মধ্যে আমদানি। এ সময় চীনের ইউউ পথে ইউরোপ থেকে ট্রেনে ৬৬ হাজারের বেশি টিইইউ সমপরিমাণ কনটেইনারে পণ্য ঢুকেছে দেশটি। এসব পণ্যের মোট মূল্য ১৭০ কোটি মার্কিন ডলার। শুক্রবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বর্তমানে ইউউ পথে আমদানি পণ্যের পরিমাণ ক্রমেই বাড়ছে। মোট কনটেইনারের ৩৭ দশমিক ৫ শতাংশই চীনে আসা পণ্য। এসব পণ্যের মধ্যে অলৌহ ধাতু ও রাসায়নিক পণ্যের পরিমাণ বেশি।
এখন শুধু চীনের ইউউ শহর নয়, শাংহাই, ফুচিয়ান ও কুয়াংতোংসহ চীনের বিভিন্ন অঞ্চল থেকেও এ রেলপথে পণ্য পরিবহন করা হচ্ছে। ইউউ-সিনচিয়াং-ইউরোপ রেলপথটি চীনের ইউউ শহরকে সিনচিয়াং অঞ্চল হয়ে স্পেনের মাদ্রিদের সঙ্গে যুক্ত করেছে। এই রেলপথ চীন ও ইউরোপের মধ্যে পণ্য পরিবহন এবং আমদানি-রপ্তানি বাণিজ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
২০২৫ সালে চীন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পণ্য বাণিজ্যের পরিমাণ ৮২০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। একই সময়ে সেবা বাণিজ্যে চীনের সঙ্গে ইইউ’র উদ্বৃত্ত ছিল ৪৮ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার।
রেডিওটুডে নিউজ/আনাম

