শনিবার,

১০ অক্টোবর ২০২৬,

২৫ আশ্বিন ১৪৩৩

শনিবার,

১০ অক্টোবর ২০২৬,

২৫ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

মন খারাপ হলেই ডিপ্রেশন, গোছানো থাকলেই ওসিডি! কথার ছলে মানসিক রোগের নাম ব্যবহার কতটা ঠিক?

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৩, ১০ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:৪৩, ১০ অক্টোবর ২০২৬

Google News
মন খারাপ হলেই ডিপ্রেশন, গোছানো থাকলেই ওসিডি! কথার ছলে মানসিক রোগের নাম ব্যবহার কতটা ঠিক?

কেউ ঘর গুছিয়ে রাখতে পছন্দ করেন, কেউ সহজেই মন খারাপ করেন, আবার কেউ সামান্য বিষয়েই বিরক্ত হয়ে পড়েন। এসব আচরণ বোঝাতে কথার ছলে অনেকেই বলেন, ‘আমার ওসিডি আছে’, ‘তুমি কি বাইপোলার’ কিংবা ‘আজ খুব ডিপ্রেসড লাগছে’।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও এমন শব্দের ব্যবহার দেখা যায়। কিন্তু মানসিক স্বাস্থ্য সমস্যার সঙ্গে সম্পর্কিত এসব শব্দ সব সময় সঠিক অর্থে ব্যবহার করা হচ্ছে কি।

আজ শনিবার (১০ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এ উপলক্ষে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার পাশাপাশি দৈনন্দিন কথাবার্তায় মানসিক রোগের নাম ব্যবহারের বিষয়টিও গুরুত্বপূর্ণ।

কারণ, সাধারণ মন খারাপ, অস্থিরতা বা পরিচ্ছন্নতার অভ্যাস আর মানসিক রোগ এক বিষয় নয়। কথার ছলে এসব শব্দ ব্যবহার করলে প্রকৃত সমস্যায় ভোগা মানুষের অভিজ্ঞতা সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে।

নিউজ১৮-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওসিডি, বাইপোলার, ডিপ্রেশন, ট্রমা ও অ্যাংজাইটির মতো শব্দ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সাধারণ অনুভূতি বা আচরণ বোঝাতেও ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে কিছু শব্দ মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা সহজ করলেও, ভুলভাবে ব্যবহারের কারণে সেগুলোর প্রকৃত অর্থ আড়ালে থেকে যেতে পারে।

ডিপ্রেশন মানেই শুধু মন খারাপ নয়
কোনো পরীক্ষায় খারাপ ফল, প্রিয় মানুষের সঙ্গে মনোমালিন্য কিংবা কর্মক্ষেত্রে কোনো সমস্যা হলে মন খারাপ হওয়া স্বাভাবিক। কিন্তু এসব পরিস্থিতিতে সাময়িক মন খারাপকে ‘ডিপ্রেশন’ বলা ঠিক নয়।

ডিপ্রেশন বা বিষণ্নতা এমন একটি মানসিক স্বাস্থ্য সমস্যা, যা মানুষের অনুভূতি, চিন্তাভাবনা ও দৈনন্দিন জীবনযাপনে প্রভাব ফেলতে পারে। দীর্ঘ সময় মন খারাপ থাকা, আগ্রহ কমে যাওয়া, ঘুম ও খাওয়াদাওয়ায় পরিবর্তন, ক্লান্তি কিংবা মনোযোগের সমস্যা দেখা দিতে পারে।

বড় ধরনের বিষণ্নতার ক্ষেত্রে সাধারণত অন্তত দুই সপ্তাহ ধরে উপসর্গ থাকা এবং দৈনন্দিন জীবনে উল্লেখযোগ্য প্রভাব পড়ার বিষয়টি বিবেচনা করা হয়।

তবে শুধু উপসর্গের তালিকা মিলিয়ে নিজে নিজে রোগ নির্ধারণ করা উচিত নয়। সমস্যা দীর্ঘস্থায়ী হলে চিকিৎসক বা মানসিক স্বাস্থ্য পেশাজীবীর পরামর্শ নেওয়া প্রয়োজন।

সবকিছু গুছিয়ে রাখলেই কি ওসিডি?
ঘর পরিষ্কার রাখা, জামাকাপড় সুন্দর করে সাজানো কিংবা জিনিসপত্র নির্দিষ্ট জায়গায় রাখার অভ্যাস অনেকেরই রয়েছে। এ ধরনের অভ্যাস দেখেই কাউকে ‘ওসিডি’ বলা হয়। কিন্তু পরিচ্ছন্নতা পছন্দ করা মানেই অবসেসিভ-কমপালসিভ ডিসঅর্ডার (ওসিডি) নয়।

ওসিডিতে বারবার ফিরে আসা অনাকাঙ্ক্ষিত চিন্তা, ভয় বা সন্দেহ দেখা দিতে পারে। এসব চিন্তা থেকে তৈরি হওয়া উদ্বেগ কমাতে কেউ একই কাজ বারবার করতে পারেন। যেমন, দরজা বন্ধ করেছেন কি না তা বারবার পরীক্ষা করা কিংবা হাত পরিষ্কার করার পরও ময়লা থাকার ভয় কাটাতে না পারা। এ ধরনের চিন্তা ও আচরণ অনেক সময় ব্যক্তির দৈনন্দিন কাজে বাধা সৃষ্টি করে এবং মানসিক কষ্টের কারণ হয়।

তাই কারও পরিচ্ছন্নতার অভ্যাস নিয়ে মজা করতে গিয়ে ওসিডি শব্দটি ব্যবহার না করাই ভালো।

মেজাজ বদলালেই বাইপোলার নয়
কেউ কখনো হাসিখুশি, আবার কখনো মনমরা বা বিরক্ত থাকলে তাকে ‘বাইপোলার’ বলে মন্তব্য করা হয়। অথচ বাইপোলার ডিসঅর্ডার শুধু মেজাজের সাধারণ পরিবর্তন নয়।

এটি এমন একটি মানসিক স্বাস্থ্য সমস্যা, যেখানে মেজাজ, শক্তি, কাজের আগ্রহ ও আচরণে উল্লেখযোগ্য পরিবর্তনের পর্ব দেখা দিতে পারে। কারও ক্ষেত্রে অস্বাভাবিকভাবে চনমনে বা অতিরিক্ত সক্রিয় থাকার পর্ব দেখা যায়, আবার অন্য সময়ে বিষণ্নতার উপসর্গ দেখা দিতে পারে। এসব পরিবর্তন পড়াশোনা, কাজ, সম্পর্ক ও দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে পারে।

একদিন ভালো থাকা, পরদিন মন খারাপ হওয়া কিংবা রাগ করে কথা বলার কারণে কাউকে বাইপোলার বলা ঠিক নয়। রোগ নির্ণয়ের জন্য বিশেষজ্ঞের মূল্যায়ন প্রয়োজন।

অমনোযোগী হলেই কি এডিএইচডি?
কাজ করতে গিয়ে মনোযোগ হারানো, পড়ার সময় অস্থির লাগা কিংবা কোনো কাজে ভুলে যাওয়া—এ ধরনের অভিজ্ঞতা অনেকেরই হয়। কিন্তু এসব কারণে কাউকে এডিএইচডি আছে বলে ধরে নেওয়া যায় না।

অ্যাটেনশন-ডেফিসিট/হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডার (এডিএইচডি) একটি স্নায়ুবিকাশজনিত অবস্থা। এতে মনোযোগ ধরে রাখা, আবেগ নিয়ন্ত্রণ এবং নিজের সক্রিয়তা নিয়ন্ত্রণে অসুবিধা হতে পারে। এর প্রভাব পড়াশোনা, কর্মক্ষেত্র, দৈনন্দিন দায়িত্ব ও সামাজিক সম্পর্কেও পড়তে পারে।

মাঝেমধ্যে অমনোযোগী হওয়া আর দীর্ঘস্থায়ীভাবে মনোযোগ বা আচরণ নিয়ন্ত্রণে সমস্যায় ভোগা এক বিষয় নয়। তাই কাউকে অলস বা অস্থির বলার সময় এডিএইচডি শব্দটি ব্যবহার না করাই ভালো।

সন্দেহ করলেই কি প্যারানয়েড?
কোনো পরিস্থিতিতে সন্দেহ হওয়া কিংবা কারও আচরণ নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক হতে পারে। তবে ‘প্যারানয়েড’ শব্দটি প্রায়ই এমন ব্যক্তিকে বোঝাতে ব্যবহার করা হয়, যিনি অন্যের উদ্দেশ্য নিয়ে সন্দেহ করেন।

প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার এর চেয়ে জটিল একটি ব্যক্তিত্বজনিত সমস্যা। এতে অন্যদের প্রতি দীর্ঘস্থায়ী অবিশ্বাস ও সন্দেহের প্রবণতা দেখা দিতে পারে। এর ফলে ব্যক্তিগত সম্পর্ক, সামাজিক যোগাযোগ ও দৈনন্দিন জীবন ব্যাহত হতে পারে।

তাই সাময়িক সন্দেহ বা কোনো বিষয়ে উদ্বিগ্ন হওয়াকে এই রোগের সঙ্গে মিলিয়ে দেখা উচিত নয়।

ইন্টারনেটে ‘আনলাইভিং’ ও মানসিক স্বাস্থ্য নিয়ে ঠাট্টা
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্ট্রেসি ডিপ্রেসি’, ‘মেন্টি বি’ কিংবা ‘আনলাইভিং’-এর মতো শব্দও ব্যবহৃত হচ্ছে। কখনো এগুলো হাস্যরসের জন্য, কখনো মানসিক চাপ বা কষ্ট প্রকাশের জন্য ব্যবহার করা হয়।

ইন্টারনেটে ‘আনলাইভিং’ শব্দটি অনেক সময় মৃত্যু বা আত্মহত্যা বোঝাতে বিকল্প শব্দ হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু এমন কথা সব সময় ঠাট্টা হিসেবে ধরে নেওয়া ঠিক নয়। কেউ বারবার নিজের জীবন নিয়ে হতাশা প্রকাশ করলে, বেঁচে থাকার অর্থ খুঁজে না পাওয়ার কথা বললে কিংবা গভীর মানসিক কষ্টের ইঙ্গিত দিলে তার কথা গুরুত্ব দিয়ে শোনা প্রয়োজন।

কেউ কী অনুভব করছেন, তা বুঝতে চেষ্টা করা এবং বিচার না করে পাশে দাঁড়ানো গুরুত্বপূর্ণ। প্রয়োজন হলে তাকে বিশ্বস্ত মানুষ বা মানসিক স্বাস্থ্য পেশাজীবীর সহায়তা নিতে উৎসাহিত করা যেতে পারে।

কথার ছলে রোগের নাম ব্যবহার কেন ঠিক নয়?
মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা হওয়া জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে অনেকেই এসব বিষয়ে আগের চেয়ে বেশি জানতে পারছেন। তবে মানসিক রোগের নাম ভুলভাবে ব্যবহার করলে রোগ সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে। একই সঙ্গে প্রকৃত সমস্যায় ভোগা মানুষ মনে করতে পারেন, তাদের কষ্টকে অন্যরা গুরুত্ব দিচ্ছেন না।

তাই সামান্য মন খারাপকে ডিপ্রেশন, পরিচ্ছন্নতার অভ্যাসকে ওসিডি কিংবা মেজাজ পরিবর্তনকে বাইপোলার না বলে নিজের অনুভূতি বা আচরণটি সরাসরি বর্ণনা করাই ভালো।

মনে রাখতে হবে, মানসিক স্বাস্থ্য সমস্যাও স্বাস্থ্যেরই অংশ। কাউকে রোগের নামে ঠাট্টা না করে তার কথা মন দিয়ে শোনা, প্রয়োজনের সময় সহায়তা করা এবং সঠিক তথ্য জানার চেষ্টা করাই সচেতন আচরণ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের