কাজের মাঝে হঠাৎ চোখের পাতা কাঁপা বা ঘন ঘন চোখ পিটপিট করা খুব পরিচিত একটি ঘটনা। অনেকেই বিষয়টিকে শুভ বা অশুভ লক্ষণ হিসেবে ভেবে গুরুত্ব দেন না।
তবে চিকিৎসার ভাষায় ‘মিয়োকেমিয়া’ নামের এই সমস্যাটি আসলে অতিরিক্ত ক্লান্তি ও অনিয়মিত জীবনযাপনের শারীরিক সংকেত হতে পারে। চিকিৎসকদের মতে, অধিকাংশ ক্ষেত্রেই এটি মারাত্মক কিছু না হলেও জীবনযাত্রায় সামান্য সতর্ক থাকা জরুরি।
চোখ কাঁপার পেছনে সাধারণত প্রতিদিনের কিছু অভ্যাসই দায়ী থাকে। অতিরিক্ত স্ক্রিন টাইম, যেমন—টানা মোবাইল বা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকলে চোখ শুকিয়ে ক্লান্ত হয়ে পড়ে।
এ ছাড়া অপর্যাপ্ত ঘুম, অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তা এবং বারবার চা-কফি খাওয়ার কারণে শরীরে ক্যাফেইন বা স্ট্রেস হরমোন বাড়লে চোখের পাতা কাঁপতে পারে।
এই সমস্যা এড়াতে টানা স্ক্রিনে কাজ না করে মাঝে মাঝে বিরতি নেওয়া এবং দিনে অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানো প্রয়োজন। ঘুমানোর আগে অন্ধকার ঘরে হালকা গরম পানিতে ভেজানো সুতি কাপড় বা তুলো দিয়ে চোখের পাতায় ভাপ নিলে আরাম পাওয়া যায়। পাশাপাশি চিকিৎসকের পরামর্শে চোখে ‘আই ড্রপ’ ব্যবহার করা যেতে পারে।
তবে চোখের পাতা যদি পুরোপুরি বুজে যায়, পেশিতে তীব্র টান পড়ে কিংবা চোখের সাথে পানি পড়া ও লাল হয়ে যাওয়ার মতো লক্ষণ থাকে, তবে দেরি না করে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
রেডিওটুডে নিউজ/আনাম

