জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করায় তার আসনটি শূন্য ঘোষণা করে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে প্রকাশিত এই গেজেটে তথ্যটি নিশ্চিত করা হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর পদত্যাগ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগের তারিখ থেকেই উক্ত আসনটি শূন্য হয়েছে।
এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানায় প্রধানমন্ত্রী প্রেস উইং।
আজ দুপুর ২টার দিকে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে দেশীয় অস্ত্র ও ভাঙার সরঞ্জাম নিয়ে হামলা চালায় দুই শতাধিক মানুষ। পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ স্থাপনাটি গুঁড়িয়ে দেয় তারা।
এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়া ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশার নাম আসে। তারা ফেরদৌসী আহমেদের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত।
বিষয়টি নিয়ে সরকার বিব্রত বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন। দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয় শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে।
১৯৭৪ সাল থেকে মিরপুরের সুবিধাবঞ্চিত মানুষদের বিভিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে আসছে, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। ধ্বংসস্তূপে পরিণত হওয়া কেন্দ্রটিকে আবার ব্যবহার উপযোগী করতে দ্রুত গতিতে চলছে সংস্কার।
রেডিওটুডে নিউজ/আনাম

