চীনে নতুন ধরনের ব্যাটারিশিল্পের জন্য ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬-২০৩০) প্রকাশ করা হয়েছে। এতে শিল্পের প্রবৃদ্ধি, প্রযুক্তিগত উদ্ভাবন ও পণ্যের মান উন্নয়নের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে।
শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়সহ একাধিক সরকারি বিভাগ যৌথভাবে পরিকল্পনাটি প্রকাশ করেছে। ২০৩০ সালের মধ্যে উন্নত ইলেকট্রোড উপকরণ, নতুন ইলেক্ট্রোলাইট ও উচ্চমানের সহায়ক উপকরণে বড় ধরনের অগ্রগতি অর্জনের লক্ষ্য রয়েছে। একই সঙ্গে নতুন ধরনের ব্যাটারিব্যবস্থার উন্নয়নেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা হবে।
পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে অল-সলিড-স্টেট ব্যাটারির প্রাথমিক পর্যায়ের বৃহৎ পরিসরে ব্যবহার এবং দীর্ঘস্থায়ী লিথিয়াম ব্যাটারির ১৫ হাজার বার চার্জ-ডিসচার্জ চক্রের আয়ুষ্কাল অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা বলা হয়।
এই নতুন ধরনের ব্যাটারি বৈদ্যুতিক শক্তি সংরক্ষণ ও রূপান্তরের উচ্চদক্ষতাসম্পন্ন যন্ত্র বা ব্যবস্থা। এর মধ্যে লিথিয়াম, সোডিয়াম ও ফ্লো ব্যাটারি রয়েছে। নতুন পরিচালন নীতি, উপকরণ, কাঠামো ও উৎপাদন প্রক্রিয়ার ওপর উদ্ভাবনের গুরুত্ব দেওয়া হচ্ছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২১-২০২৫) সময়ে চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উৎপাদনমূল্য ১ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ১৪৯ বিলিয়ন মার্কিন ডলার) ছাড়িয়েছে।
চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং চীনা বিজ্ঞান একাডেমির শিক্ষাবিদ নান ছ্যওয়েন বলেন, এটি ব্যাটারিশিল্পের জন্য চীনের প্রথম বিশেষায়িত জাতীয় পর্যায়ের পরিকল্পনা। দেশের শিল্পের বৃহৎ পরিসর এবং শক্তিশালী সরবরাহশৃঙ্খলের ওপর ভিত্তি করে পরিকল্পনাটি তৈরি করা হয়েছে। এর লক্ষ্য শিল্পটির ভবিষ্যৎ উন্নয়নকে সঠিক দিকনির্দেশনা দেওয়া।
পরিকল্পনায় শিল্পশৃঙ্খলজুড়ে উদ্ভাবন, শিল্পের আধুনিকায়ন এবং শিল্পব্যবস্থার উন্নয়নসহ পাঁচটি ক্ষেত্রে ১৯টি অগ্রাধিকারমূলক কাজের কথা বলা হয়েছে।
পরিকল্পনায় নতুন ধরনের ব্যাটারি প্রযুক্তি, পরিচ্ছন্ন জ্বালানি ও ব্যবহারক্ষেত্রের মধ্যে সমন্বয় ও উদ্ভাবন আরও দ্রুত এগিয়ে নেওয়ার পাশাপাশি শিল্পে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের আরও ঘনিষ্ঠ সমন্বয়ের আহ্বান জানানো হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

