বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর এবং সেখানে তার আন্তর্জাতিক কর্মসূচি ও অর্জন থেকে "জনগণ ও গণমাধ্যমের দৃষ্টি অন্যদিকে সরাতেই সফরের আগে ও পরে কিছু ঘটনা সাজানো হয়েছিল" বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।
রুমন বলেন, "প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার ঠিক আগে কয়েকটি ঘটনাকে সামনে আনা হয়েছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা যখন আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন কিছু ঘটনা ঘটানো হলো। ঘটনাগুলো এমনিতেই ঘটেছে, সেটা আমি মানবো না। আপনারা বুঝবেন, কেন এ কথা বলছি।"
যুক্তরাষ্ট্রে সফল সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফেরার পরও একই ধরনের ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি জানান, যুক্তরাষ্ট্র সফরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারেক রহমান নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করেছেন।
"আশা করেছিলাম, দেশে ফেরার পর আমাদের সাফল্য নিয়ে সংবাদ হবে, আলোচনা হবে। কিন্তু তখনই আরেকটি ঘটনা ঘটলো। আমি লক্ষ্য করলাম, টক শোগুলোর বেশিরভাগেই সেটিকে ঘিরেই আলোচনা হয়েছে। যারা আমাদের বিরোধিতা করছেন, তারা হয়তো এখনও সেই একই ফর্মুলা অনুসরণ করছে, যার মাধ্যমে বিগত সরকার দেশ পরিচালনা করেছিল," যোগ করেন তিনি।
তবে ঠিক কোন ঘটনাগুলোর কথা বলছেন সেটা আতিকুর রহমান রুমন স্পষ্ট করেননি।
তিনি আরও বলেন, প্রথমে কয়েকটি অনলাইন গণমাধ্যম ঘটনাগুলো তুলে ধরে। পরে বড় অনলাইন পোর্টাল, সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলগুলোও সেগুলো প্রচার করে। এতে ঘটনাগুলো আরও বেশি মানুষের নজরে আসে।
রেডিওটুডে নিউজ/আনাম

