সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

Radio Today News

কুয়েট শিক্ষার্থীরা বানালো রেসিং কার ‘কিলোফ্লাইট আলফা’

খুলনা প্রতিনিধি:

প্রকাশিত: ১৭:৩৫, ২০ আগস্ট ২০২১

Google News
কুয়েট শিক্ষার্থীরা বানালো রেসিং কার ‘কিলোফ্লাইট আলফা’

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ফর্মুলা কারের আদলে তৈরি করেছেন ‘কিলোফ্লাইট আলফা’ নামের রেসিং কার। ফর্মুলা স্টুডেন্ট ইউকে প্রতিযোগিতার অনলাইন ইভেন্টে অংশ নিয়েছে গাড়িটি।

তিন বছরের চেষ্টায় ‘কিলোফ্লাইট’ নামের একটি টিম গঠন করে গাড়িটি প্রস্তুত এবং প্রতিযোগিতায় অংশ নেওয়ার মধ্য দিয়ে দেশকে বিশ্বদরবারে তুলে ধরেছেন কুয়েট শিক্ষার্থীরা। গাড়িটির বডিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পরিবেশবান্ধব পাট দিয়ে তৈরি হওয়ায় পাটশিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার সম্ভাবনা দেখছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা।

কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ও কিলোফ্লাইটের ড্রাইভ ট্রেইন এক্সপার্ট অম্লান বিশ্বাস বলেন, গাড়িটি মূলত ফর্মুলা স্টুডেন্ট ইউকে টার্গেট করে বানানো। এটি তৈরির পর ফর্মুলা স্টুডেন্ট ইউকে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম আমরা।

ফর্মুলা স্টুডেন্ট ইউকে হচ্ছে স্টুডেন্টদের জন্য একটি ইঞ্জিনিয়ারিং রেসিং কম্পিটিশন। প্রতিযোগিতায় বিশ্বের ৬৪টি দেশের মধ্যে আমরা ৩৩তম হয়েছি। এটা আমাদের জন্য একটা বড় অর্জন।

অম্লান বলেন, গাড়িটির বিশেষত্ব হলো, সম্পূর্ণ বডি জুট ফাইবার দিয়ে তৈরি। এতে উন্নতমানের ইঞ্জিন, গিয়ার, ব্রেক, মিটার দেওয়া রয়েছে। চালকের জন্য রয়েছে সুরক্ষাব্যবস্থা। গাড়িটি ঘণ্টায় ১৬২ কিলোমিটার বেগে চলতে পারবে।

তিনি আরাে বলেন, আগামী বছর চ্যাম্পিয়নশিপের টার্গেট করে কাজ করছি। আশা করছি দেশবাসীকে গর্বিত করতে পারব।

কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তৃতীয়বর্ষের শিক্ষার্থী ও কিলোফ্লাইটের টিম ম্যানেজার সাফায়েত সাইমুম বলেন, ২০১৮ সালে টিম কিলোফ্লাইট সৃষ্টি হয়। এরপর তারা নিজেরাই ডিজাইন করে নিজস্ব উদ্যোগ এবং শিক্ষকদের সহযোগিতায় চলতি বছরের জুলাই মাসে গাড়িটি তৈরি সম্পন্ন করেন।

কিলোফ্লাইট টিমের ক্যাপ্টেন এরফান ইসলাম বলেন, অটোমোবাইলে আমাদের দেশকে এগিয়ে নিতে এবং দক্ষ ইঞ্জিনিয়ার তৈরির জন্য এই উদ্যোগ। কুয়েটের সাবেক শিক্ষার্থী ও নিজেদের অর্থায়নে এই রেসিং কারটি প্রস্তুত করা হয়েছে। তবে এ কাজে সরকারি বা বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থা হলে ভালো হয়।

কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. মুহাম্মদ মাছুদ বলেন, আড়াই বছর আগে ২৮ জনের টিমকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়। এরপর তারা নিজেরাই ডিজাইন করে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগ এবং শিক্ষকদের সহযোগিতায় কাজটি শেষ করে। 

কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান অধ্যাপক ড. মো. সাহিদুল ইসলাম বলেন, তিন বছরের চেষ্টায় কুয়েট শিক্ষার্থীরা পরিবেশবান্ধব উপাদান দিয়ে গাড়িটি তৈরি করেছে। এরপর ফর্মুলা স্টুডেন্ট ইউকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার মধ্যদিয়ে দেশকে বিশ্বদরবারে তুলে ধরেছে তারা। এটি আমাদের গর্ব।

রেডিওটুডে নিউজ/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536