ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো ‘ভুল পদক্ষেপ’ নিলে অঞ্চলজুড়ে দেশটির সামরিক অবস্থান ও স্বার্থে ধারাবাহিক ও ‘বেদনাদায়ক’ হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের কেন্দ্রীয় খাতামুল আম্বিয়া (সা.) সদর দপ্তর। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে সহযোগিতা করলে আঞ্চলিক দেশগুলোকেও এর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে তেহরান।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, রোববার দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোর উদ্দেশে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিবৃতিতে খাতামুল আম্বিয়া (সা.) সদর দপ্তর দাবি করে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে নিজেদের ব্যর্থতা আড়াল এবং ‘কৃত্রিম সাফল্য’ অর্জনের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তাদের ভাষ্য, ইসরায়েলি পক্ষের ‘মিথ্যা ও সাজানো ঘটনাপ্রবাহের’ ভিত্তিতে যুদ্ধ শুরু হয়েছিল এবং প্রতারণা ও কৌশলের মাধ্যমে তা অব্যাহত রাখা হয়েছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, যুক্তরাষ্ট্র কয়েকটি আঞ্চলিক দেশের ‘সবুজ সংকেত’ নিয়ে ইউরোপের একটি দেশে যৌথ বৈঠকের মাধ্যমে ইরানের বিরুদ্ধে নতুন করে কর্মকাণ্ড শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরানের সামরিক সদর দপ্তর বলেছে, ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের সব সামরিক অবস্থান ও স্বার্থ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
বিবৃতিতে বলা হয়, এসব হামলা কোনো ধরনের ‘সীমাবদ্ধতা বা বিবেচনা’ ছাড়াই ধারাবাহিক ও কার্যকরভাবে পরিচালিত হবে।
আঞ্চলিক দেশগুলোকেও সতর্ক করেছে ইরান। বিবৃতিতে বলা হয়েছে, কোনো দেশ যদি ইরানের বিরুদ্ধে ‘দ্বৈত নীতি’ অব্যাহত রাখে এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সঙ্গে নিজেদের যুক্ত করে, তাহলে তাদেরও ওই কর্মকাণ্ডের অংশীদার হিসেবে বিবেচনা করা হবে।
ইরানের খাতামুল আম্বিয়া সদর দপ্তর আরও বলেছে, এমন পরিস্থিতিতে এসব দেশ ইরানের ‘শক্তিশালী সশস্ত্র বাহিনীর’ কাছ থেকে সংযম বা সৌজন্য আশা করতে পারবে না। পার্সটুডে
রেডিওটুডে নিউজ/আনাম

